Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১১, ২০২৫

তিন বছর তিন মাস পর মুক্তি, বাড়ি ফিরলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

আরম্ভ ওয়েব ডেস্ক
তিন বছর তিন মাস পর মুক্তি, বাড়ি ফিরলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

তিন বছর তিন মাস পর অবশেষে জেল থেকে মুক্তি পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২০২২ সালে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় প্রথমে ইডি এবং পরে সিবিআই এর হাতে গ্রেফতার হয়েছিলেন তিনি। তদন্তকারী সংস্থাগুলির দাবি ছিল, দুর্নীতির মূল পরিকল্পনাকারী বা ‘মূল মাথা’ ছিলেন এই প্রভাবশালী মন্ত্রী।

সুপ্রিম কোর্টের নির্দেশে ইডি-র মামলায় কিছুদিন আগেই জামিন পেয়েছিলেন পার্থ। এবার নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলাতেও মিলল জামিন। ফলে দীর্ঘ তিন বছর তিন মাসের কারাবাসের অবসান হলো তাঁর।

জামিনের পর আদালতের রিলিজ অর্ডার পৌঁছালেও শারীরিক অসুস্থতার কারণে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন পার্থ। সোমবার সকালে হাসপাতাল থেকে তাঁর ছুটি হওয়ার খবর ছড়াতেই ভিড় জমতে শুরু করে অনুগামীদের। কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে— পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, স্লোগানে মুখর এলাকা।

সূত্রের খবর, হাসপাতাল থেকে সরাসরি নাকতলার বাড়িতেই ফিরেছেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানে সকাল থেকেই জনতার ঢল। ‘তোমাকে চাই’ লেখা পোস্টার হাতে সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়েছে সর্বত্র।

উল্লেখ্য, ২০২২ সালে অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে ইডি-র তল্লাশিতে প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার হওয়ার পরেই নাম জড়ায় পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে। শিক্ষক নিয়োগের পাশাপাশি গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলাতেও ওঠে তাঁর নাম। কয়েকটি মামলায় আগে থেকেই নিম্ন আদালত জামিন দিলেও এবার সুপ্রিম কোর্টের নির্দেশেই এল পূর্ণ মুক্তির পথ।

দীর্ঘ কারাবাস, অসুস্থতা ও আইনি লড়াই শেষে অবশেষে বাড়ি ফিরলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!