Advertisement
  • প্রচ্ছদ রচনা বি। দে । শ
  • জানুয়ারি ১২, ২০২৬

ভারতের আকাশ প্রতিরক্ষায় শক্তিবৃদ্ধি, চলতি বছরের মে মাসেই আসছে চতুর্থ ‘সুদর্শন চক্র’

আরম্ভ ওয়েব ডেস্ক
ভারতের আকাশ প্রতিরক্ষায় শক্তিবৃদ্ধি, চলতি বছরের মে মাসেই আসছে চতুর্থ ‘সুদর্শন চক্র’

ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে। রাশিয়া থেকে চতুর্থ এস-৪০০ (S-400) আকাশ প্রতিরক্ষা স্কোয়াড্রন গ্রহণের পথে এগোচ্ছে ভারত, যা ভারতীয় সশস্ত্র বাহিনীতে ‘সুদর্শন চক্র’ নামে পরিচিত। প্রতিরক্ষা সূত্র ও বিভিন্ন প্রতিরক্ষা সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মে মাসের শেষ নাগাদ এই চতুর্থ স্কোয়াড্রন ভারতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। এর ফলে দেশের আকাশসীমা আরও সুরক্ষিত ও শক্তিশালী হবে।

মে ২০২৫-এ ভারত–পাকিস্তান সংঘাতের সময় পরিচালিত অপারেশন ‘সিঁদুর’-এ পাক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করতে এই অত্যাধুনিক সিস্টেম কার্যকরভাবে ব্যবহৃত হয়। এই সাফল্যের পর এস-৪০০ ব্যবস্থার ওপর ভারতের আস্থা আরও দৃঢ় হয়েছে এবং অতিরিক্ত ইউনিট গ্রহণের পরিকল্পনা জোরদার হয়েছে।

রাশিয়ায় নির্মিত এই ‘সুদর্শন চক্র’ আধুনিক যুদ্ধক্ষেত্রে বিশ্বের প্রথম সারির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলির মধ্যে অন্যতম। এই সিস্টেম প্রায় ৬০০ কিলোমিটার দূর থেকে উড়ে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে সক্ষম । ৪০০ কিলোমিটার দূরত্বে শত্রু ক্ষেপণাস্ত্র বা আকাশযান নিষ্ক্রিয় করতে পারে ।

বর্তমানে পাকিস্তান ও চিনের সম্ভাব্য হুমকি মাথায় রেখে রাজস্থান, পাঞ্জাব ও উত্তর-পূর্ব ভারতে ৩টি এস-৪০০ স্কোয়াড্রন মোতায়েন রয়েছে। এর ৪০০ কিলোমিটার রেঞ্জের কারণে ভারতের উত্তর, পশ্চিম ও উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ আকাশসীমা কার্যত সুরক্ষিত। অপারেশন ‘সিঁদুর’-এর সময় এই ব্যবস্থার মারণক্ষমতা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে।

ভারত ২০১৮ সালে রাশিয়ার সঙ্গে মোট ৫টি এস-৪০০ আকাশ প্রতিরক্ষা সিস্টেম কেনার চুক্তি করে। ৩টি স্কোয়াড্রন ইতিমধ্যেই সরবরাহ করা হয়েছে এবং সম্পূর্ণরূপে কার্যকর, ভারতীয় বায়ুসেনায় যুক্ত হবে চতুর্থ স্কোয়াড্রন, যা ২০২৬ সালের মে মাসের মধ্যে আসার সম্ভাবনা ।পঞ্চম স্কোয়াড্রন  ২০২৬ সালের শেষের দিকে আসতে পারে । চতুর্থ অ্যন্টি ড্রোন স্কোয়াড্রন অন্তর্ভুক্ত হলে ভারতের উত্তর ও পশ্চিম সীমান্তে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে।

বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় এস-৪০০-এর পাশাপাশি ভারত ভবিষ্যতে রুশ প্রযুক্তিতে তৈরি আরও উন্নত এস-৫০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এবং দেশীয় উদ্যোগে তৈরি ‘প্রজেক্ট কুশ’ এর মাধ্যমে একটি শক্তিশালী ও বহুস্তরীয় বিমান প্রতিরক্ষা কাঠামো গড়ে তুলতে আগ্রহী।

উল্লেখ্য, ২০২৬ সালের মে মাসের সময়সীমা মূলত সাম্প্রতিক প্রতিরক্ষা সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে অনুমান করা হয়েছে। সাধারণত ডেলিভারির সময় ঘনিয়ে এলে সরকারি ও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

সার্বিকভাবে, চতুর্থ এস-৪০০ ‘সুদর্শন চক্র’ অন্তর্ভুক্তির মাধ্যমে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও মজবুত হবে এবং আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিতে ভারতের কৌশলগত অবস্থান নতুন উচ্চতায় পৌঁছাবে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!