- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মে ৩১, ২০২৫
এশিয়ান অ্যাথলেটিক্সে জীবনের সেরা থ্রো করেও রুপো শচীনের, জাতীয় রেকর্ড ভেঙে ২০০ মিটারে ব্রোঞ্জ অনিমেশের
জীবনের সেরা থ্রো করেও সোনা অধরা থেকে গেল ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার শচীন যাদবের। এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেই সন্তুষ্ট থাকতে হল দেশের এই উদীয়মান জ্যাভলিন থ্রোয়ারকে। তাঁকে ছাপিয়ে সোনা জিতে নিলেন পাকিস্তানের আরশাদ নাদিম। অলিম্পিকের পর এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপেও নাদিমের কাছে সোনা হারাতে হল ভারতীয় জ্যাভেলারদের।
রুপো জেতার পথে শচীন যাদব ছোড়েন ৮৫.১৬ মিটার। এটাই তাঁর জীবনের সেরা থ্রো। এর আগে তাঁর ব্যক্তিগত সেরা ছিল ৮৪.৩৯ মিটার। পাকিস্তানের আরশাদ নাদিম পেছনে ফেলে দিয়েছেন শচীন যাদবকে। ৮৬.৪০ মিটার ছুড়ে সোনা জিতেছেন আরশাদ নাদিম। উত্তর প্রদেশের বাগপতের কাছে খেকরা গ্রামের কৃষক পরিবারের সন্তান শচীন যাদব। তাঁকে নীরজ চোপড়ার উত্তরসূরী হিসেবে ধরা হচ্ছে। আর এক ভারতীয় যশবীর সিংও মুগ্ধ করেছেন। তিনি ৮২.৫৭ মিটার ছুড়ে পঞ্চম স্থান অর্জন করেছেন। এটাই তাঁর ব্যক্তিগত সেরা।
শচীন যাদব ছাড়াও এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ থেকে এদিন দেশকে পদক এনে দিয়েছেন অনিমেষ কুজুর, ভিথ্যা রামরাজ, পারুল চৌধুরিরা। পুরুষদের ২০০ মিটারে ব্রোঞ্জ জিতেছেন অনিমেশ। সময় নিয়েছেন সময় নিয়েছেন ২০.৩২ সেকেন্ড। ভেঙে দিয়েছেন নিজেরই গড়া জাতীয় রেকর্ড। এই বছরের শুরুতে ফেডারেশন কাপে ২০.৪০ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন। ২০১৫ সালে ধরমবীর সিংহের পর এশিয়ান চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে দ্বিতীয় ভারতীয় হিসেবে পদক জিতলেন অনিমেশ কুজুর।
মহিলাদের ৫০০০ মিটারে ১৫:১৫.৩৩ সেকেন্ড সময় নিয়ে রুপো জিতেছেন পারুল চৌধুরি। মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেজে রুপো জেতার পর এটি ছিল প্রতিযোগিতায় পারুলের দ্বিতীয় পদক। ৯:১২.৪৬ সেকেন্ড সময় নিয়ে পারুল একটি নতুন জাতীয় রেকর্ডও গড়েন। তিনি দোহা ডায়মন্ড লীগ ২০২৫-এ নিজের করা ৯:১৩.৩৯ রেকর্ডটি ভেঙে ফেলেন। মহিলাদের ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ জিতেছেন ভিথ্যা রামরাজ। ২৬ বছর বয়সী এই দৌড়বিদ ৫৬.৪৬ সেকেন্ড সময় নিয়ে চীনের মো জিয়াদি এবং বাহরাইনের মুজিদাত আদেকোয়ার পরে তৃতীয় স্থান অর্জন করেছেন।
মহিলাদের ৮০০ মিটারে ব্রোঞ্জ জিতেছেন পূজা। সময় নিয়েছিন ২:০১.৮৯ সেকেন্ড। এটাই তাঁর ব্যক্তিগত সেরা।মহিলাদের ৪x১০০ মিটার রিলে দল রুপো জিতিছে। সময় নিয়েছে ৪৩.৮৬ সেকেন্ড। ভারতীয় রিলে দলে ছিলেন শ্রাবণী নন্দ, অভিনয়া রাজারাজন, স্নেহা এসএস এবং নিত্যা গান্ধে। প্রতিযোগিতার শেষ দিনে ভারতের ঘরে এল ৬টি পদক।
❤ Support Us







