Advertisement
  • দে । শ
  • আগস্ট ২১, ২০২৩

পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত বহাল, শীর্ষ আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার

আরম্ভ ওয়েব ডেস্ক
পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই তদন্ত বহাল, শীর্ষ আদালতে ধাক্কা খেল রাজ্য সরকার

রাজ্য সরকার নিয়োগ দুর্নীতি মামলায় একেই জেরবার। গনপিটুন করে তার ওপর জুটেছে পুরসভার নিয়োগ দুর্নীতি মামলা। এবার পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের ব্যাপারে সবুজ সংকেত দিল সুপ্রিম কোর্ট। গত এপ্রিল মাসেই কলকাতা হাইকোর্ট সিবিআইকে জানিয়েছিল আপনারা পুরসভার নিয়োগ দুর্নীতি মামলা চালিয়ে যান। রাজ্য সরকারের তরফে সিবিআই তদন্ত আটকানোর জন্য তখন কার্যত মরিয়া চেষ্টা চালানো হয়। সোজা সুপ্রিম কোর্টে চলে যায় রাজ্য সরকার। অবশেষে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর তারা কোনও রকম হস্তক্ষেপ করবে না।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় ২১ এপ্রিলের কলকাতা হাইকোর্টের রায়কে খারিজ করার জন্য রাজ্য সরকার যে আবেদন করেছিল সেটাকে কার্যত বাতিল করে দেন।

শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জানিয়েছেন, দুটি কেলেঙ্কারির ক্ষেত্রেই একটি কোম্পানিকে কাজে নিয়োগ করা হয়েছিল। এটা নিয়ে কোনও সন্দেহের অবকাশ নেই। তারাই ওএমআর শিট তৈরি করেছে। আমরা এটা বলতে পারি না যে দ্বিতীয় তদন্তের সঙ্গে প্রথমটি যুক্ত নয়। এমনকী কলকাতা হাইকোর্টের আগের নির্দেশে কোনও ত্রুটি নেই বলেও জানিয়েছে সুপ্রিম কোর্ট।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, সিবিআইয়ের স্টেটাস রিপোর্টের উপর নির্ভর করে আদালত নির্দেশ দিয়েছিল। দেখা যাচ্ছে যারা শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তারাই আবার পুরসভার নিয়োগ দুর্নীতি মামলায় অভিযুক্ত। একটা এফআইআর করার পর্যায়ে একজন বিচারপতির আর কী প্রয়োজন থাকতে পারে।

এদিন আদালতে আইনজীবী কপিল সিব্বল রাজ্য সরকারের পক্ষে সওয়াল করেন। তিনি জানিয়েছে, হাইকোর্টের অর্ডার ঠিক নয়, কারণ রাজ্য সরকারকে বাইপাস করে এটা দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ এই তদন্ত কেন করতে পারবে না তা নিয়ে কোনও সদুত্তর দেওয়া হয়নি।

তিনি আদালতে জানিয়েছেন, তদন্ত করার জন্য আদালতের কাছে কোনও উপকরণ ছিল না। পুরসভার নিয়োগ দুর্নীতি নিয়ে কোনও অভিযোগ হয়নি। আর সিবিআই তদন্তের নির্দেশ করে আসলে রাজ্য সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করা হচ্ছে। এটা আসলে রাজ্য সরকারকে অতিক্রম করে তদন্ত করার একটা চক্রান্ত।

তবে সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, এই মামলায় আমরা অত্যন্ত সন্তুষ্ট যে দুটি তদন্ত একে অপরের সঙ্গে যুক্ত। আমরা হাইকোর্টের অর্ডারের পাশেই  আছি। এই ধরনের অর্ডার দেওয়ার ক্ষেত্রে হাইকোর্টের তথ্যের কোনও অভাব ছিল এটা কি আমরা বলতে পারি?

অ্যাডিশনার সলিসিটর জেনারেল দুটি মামলাই একে অপরের সঙ্গে যুক্ত বলে উল্লেখ করেন। দুটি পরীক্ষার ক্ষেত্রে একই কোম্পানি ওএমআর শিট ছাপিয়েছে। কাজেই এ ক্ষেত্রে সিবিআই একটি মামলার তদন্ত করছে বলেই একই কোম্পানির বিরুদ্ধে অন্য তদন্তকারী সংস্থাকে তদন্তের ভার না দিয়ে সিবিআইকেই তদন্তের ভার দিয়েছে শীর্ষ আদালত, এবং এটা সঠিক সিদ্ধান্ত বলেই মনে করছে আইনজ্ঞরা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!