- এই মুহূর্তে দে । শ
- আগস্ট ১১, ২০২৬
সৌরভ-ডোনাকে খুনের হুমকি! ছয় মাস ধরে আসছে রহস্যময় চিঠি, পুলিশের দ্বারস্থ প্রাক্তন ভারত অধিনায়ক
প্রাক্তন ভারত অধিনায়ক, সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে খুনের হুমকি দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। শুধু সৌরভ নন, তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কেও লাগাতার হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। গত কয়েক মাস ধরে সৌরভের নামে একাধিক রহস্যময় চিঠি আসছিল। বিষয়টিকে প্রথম দিকে তেমন গুরুত্ব দেওয়া না হলেও, সোমবার ফের একটি চিঠি আসার পর পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়। এরপরই পুলিশের দ্বারস্থ হয়েছেন সৌরভ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত প্রায় ছয় মাস ধরে সৌরভের নামে এই ধরনের চিঠি আসছিল। সাধারণত ভক্তদের কাছ থেকে বিভিন্ন ধরনের চিঠি আসায় প্রথম দিকে সেগুলিকে সেভাবে গুরুত্ব দেওয়া হয়নি। এমনকী, বেশ কিছু চিঠি খুলে দেখাও হয়নি। কিন্তু সোমবার সৌরভের অফিসে ফের একটি চিঠি পৌঁছনোর পর সেটি খুলে পড়তেই বিষয়টি গুরুতর বলে মনে হয়।
জানা যাচ্ছে, চিঠিটি সম্পূর্ণ ইংরেজিতে লেখা। অত্যন্ত ছোটো ছোটো অক্ষরে লেখা হওয়ায় তা পড়তেও যথেষ্ট সমস্যা হচ্ছিল বলে জানা গিয়েছে। তবে চিঠির ভাষা ছিল অত্যন্ত কড়া এবং হুমকিসূচক। সেখানে সৌরভ ও ডোনাকে ক্ষতি করার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। এমনকী, তাঁদের বাড়িতে ঢুকে খুন করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। সৌরভের ঘনিষ্ঠরাও রেহাই পাবেন না বলে চিঠিতে হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
চিঠিটি হাতে আসার পর আর কোনও ঝুঁকি নিতে চাননি সৌরভ। দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। বেহালার ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।ইতিমধ্যেই তদন্তে বেশ কিছু গুরুত্বপূর্ণ সূত্র পুলিশের হাতে এসেছে বলে জানা যাচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, বেলঘরিয়া এলাকার এক ব্যক্তি কুরিয়ারের মাধ্যমে সৌরভের নামে এই চিঠিগুলি পাঠাতেন। ওই ব্যক্তির ব্যবহৃত ফোনের সিমের গতিবিধিরও হদিশ মিলেছে বলে পুলিশ সূত্রে খবর।
চিঠিগুলি কোন কুরিয়ার সংস্থার মাধ্যমে পাঠানো হয়েছিল, তা জানতে সংশ্লিষ্ট কুরিয়ার সার্ভিসের সঙ্গেও যোগাযোগ করেছে পুলিশ। তদন্তকারীরা জানতে পেরেছেন, মঙ্গলবারও একই পদ্ধতিতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে একটি চিঠি পাঠানো হয়েছে। কে এই চিঠিগুলি পাঠাচ্ছে? কেনই বা সৌরভ ও ডোনাকে এভাবে হুমকি দেওয়া হচ্ছে? এর পিছনে ব্যক্তিগত কোনো কারণ রয়েছে, নাকি এর নেপথ্যে আরও বড়ো কোনো ষড়যন্ত্র রয়েছে— সব দিকই খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি সৌরভ ও তাঁর পরিবারের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
❤ Support Us







