- এই মুহূর্তে বি। দে । শ
- আগস্ট ১১, ২০২৫
শ্রীলঙ্কায় আটক ৭ ভারতীয় মৎসজীবী, বিদেশমন্ত্রীকে চিঠি স্ট্যালিনের
কিছুদিন আগেই শ্রীলঙ্কার নৌবাহিনীর হাতে গ্রেফতার হয়েছিলেন ১৪ জন ভারতীয় মৎস্যজীবী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এক সপ্তাহের মধ্যে আবার গ্রেফতার হলেন ৭ জন। আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘন করার অপরাধে ওই ৭ মৎসজীবীকে গ্রেফতার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। তাঁদের নৌকা বাজেয়াপ্ত করা হয়েছে।
শনিবার সকালে তামিলনাডুর রামেশ্বরম জেটি থেকে প্রায় ২০০০ মৎসজীবী ৩৫০টি নৌকা নিয়ে সমুদ্রে মাছ ধরতে যান। ডালাস, স্লিডন, আরুল রবার্ট, লয়লেন, আরোকিয়া স্যান্ড্রিন, ভাস্কর এবং জেসু রাজা মান্নার উপসাগরের কাছে নোঙর করার সময় শ্রীলঙ্কার নৌবাহিনী তাঁদের ঘিরে ফেলে। আন্তর্জাতিক সমুদ্রসীমা অতিক্রম করায় ডি ইরুধয়া ডিকসনের মালিকানাধীন একটা নৌকাকে আটক করে। জিজ্ঞাসাবাদের পর শ্রীলঙ্কার নৌবাহিনী ৭ জন মৎস্যজীবীকে আটক করে। তাঁরা হলেন এ দুল্লাস (৫৬), এল সিলাইদান (২৬), জে আরুল রবার্ট (৫৩), এস লোইলান (৪৫), কে আরোকিয়া সানরিন (২০), এ বাসকার (৪৫) এবং আর জেসু রাজন (৩২)।
গ্রেফতারের পরেই মৎসজীবী পরিবারের সদস্যরা ও মৎসজীবী সমিতির সদস্যরা থাঙ্গাচিমাদম–রামেশ্বরম সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁদের অভিযোগ, গ্রেফতার হওয়া মৎসজীবীরা কখনও আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করেননি। তাঁরা তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার দাবি জানায়। এরপরই তামিলনাডুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে চিঠি লিখে শ্রীলঙ্কা কর্তৃপক্ষের কাছ থেকে তামিলনাড়ুর সমস্ত আটক মৎসজীবী এবং তাঁদের মাছ ধরার নৌকাগুলিকে অবিলম্বে মুক্তি দেওয়ার জন্য পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
কংগ্রেসও এই গ্রেফতারের নিন্দা জানিয়েছে। তামিলনাড়ু কংগ্রেসের সভাপতি কে সেলভাপেরুনথাগাই এক বিবৃতিতে কাচাথিভু দ্বীপের কাছে মৎসজীবীদের মাছ ধরতে গিয়ে শ্রীলঙ্কার নৌবাহিনী কর্তৃক এই ধরনের গ্রেফতারের সাম্প্রতিক ঘটনার কথা উল্লেখ করেন। তিনি অভিযোগ করেছেন যে, শ্রীলঙ্কার নৌবাহিনী জেলেদের ওপর হামলা চালায় এবং অহেতুক গ্রেফতার করে। তিনি দাবি করেন, কেন্দ্রের উচিত অবিলম্বে শ্রীলঙ্কা সরকারের সঙ্গে আলোচনা করা এবং উভয় পক্ষের মৎসজীবীদের মধ্যে স্থায়ী সমাধান খুঁজে বের করার জন্য আলোচনার সুযোগ করে দেওয়া এবং তামিলনাড়ুর জেলেদের নিরাপত্তা নিশ্চিত করা।
❤ Support Us







