- মা | ঠে-ম | য় | দা | নে
- মে ২০, ২০২৬
ঘোষিত ভারতীয় টেস্ট দল। রনজিতে দুরন্ত পারফরমেন্স করেও জায়গা পেলেন না আকিব, সামি
আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ও একদিনের সিরিজের জন্য ঘোষিত হল ভারতীয় দল। টেস্ট দলে বড় চমক। ঋষভ পন্থকে সরিয়ে তাঁর জায়গায় সহ–অধিনায়ক করা হয়েছে লোকেশ রাহুলকে। যদিও ঋষভকে দলে রাখা হয়েছে। তারকা জোরে বোলার যশপ্রীত বুমরাকে গোটা সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। বাদ দেওয়া হয়েছে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। টেস্ট দলে নতুন মুখ মানব সুতার, গুরনুর ব্রার, হর্ষ দুবে। তবে গত মরশুমে রনজি ট্রফিতে দুরন্ত বোলিং করা আকিব নবির দলে জায়গা হয়নি।
টেস্ট দলের সহ–অধিনায়কের দায়িত্ব থেকে ঋষভ পন্থকে যে সরানো হবে, তা নিয়ে একটা জল্পনা ছিল। সেই জল্পনাই সত্যি প্রমাণিত হল। দীর্ঘদিন ধরেই কোচ গৌতম গম্ভীরের সঙ্গে ঋষভের ঠান্ডা লড়াই চলছিল। তারই খেসারত দিতে হল ঋষভকে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে ঋষভের দুরন্ত ব্যাটিংয়ের জন্য তাঁকে দল থেকে একেবারে ছেঁটে ফেলতে পারেননি নির্বাচকরা। নির্বাচন কমিটির প্রধান অজিত আগরকার দল নির্বাচনের পর সাংবাদিক সম্মেলনে বলেন, ‘ইংল্যান্ডের বিরুদ্ধে ঋষভের দুর্দান্ত ব্যাটিংয়ের কথা আমাদের মাথায় রয়েছে। আমরা চাই সহ–অধিনায়কত্বের দায়িত্ব মাথা থেকে ঝেড়ে ফেলে আরও বেশি করে ব্যাটিংয়ে মনোযোগ দিক।’
রনজিতে দুরন্ত বোলিং করা অভিজ্ঞ জোরে বোলার মহম্মদ সামিও দলে নেই। আশ্চর্যজনক ভাবে গত মরশুমে রনজি ট্রফিতে জম্মু ও কাশ্মীরের হয়ে ৬০ উইকেট তুলে নেওয়া আকিব নবিকেও দলে সুযোগ দেননি নির্বাচকরা। আকিব প্রসঙ্গে আগরকার বলেন, ‘আকিবকে নিয়ে আলোচনা হয়েছে। নির্বাচক কমিটি নতুন তিন তরুণ জোরে বোলারের ওপর ভরসা রাখতে চেয়েছে।’
টেস্ট দলে থাকলেও খারাপ ফর্মের কারণে টি২০–র পর একদিনের দল থেকেও ঋষভকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় একদিনের দলে নেওয়া হয়েছে ঈশান কিষাণকে। আড়াই বছর পর একদিনের দলে ফিরলেন ঈশান। ২০২৩ বিশ্বকাপে শেষবার একদিনের ক্রিকেটে খেলেছিলেন তিনি। ঈশানকে দলে নেওয়ায় সঞ্জু স্যামসনের একদিনের দলে ফেরার রাস্তা কঠিন হল। একদিনের দলে চারটি নতুন মুখ মানব সুতার, গুরনুর ব্রার, হর্ষ দুবে ও প্রিন্স যাদব। একদিনের ক্রিকেটে সহ–অধিনায়কের দায়িত্বে শ্রেয়স আয়ার। সিরিজের তিন ম্যাচের জন্য রোহিত শর্মা ও বিরাট কোহলিকেও দলে রাখা হয়েছে। হার্দিক পান্ডিয়াও দলে রয়েছেন। তবে রোহিত এবং হার্দিককে ফিটনেস টেস্ট দিতে হবে।
ঘোষিত টেস্ট দল: শুভমান গিল (অধিনায়ক), কে এল রাহুল (সহ–অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, সাই সুদর্শন, ঋষভ পন্থ, দেবদত্ত পাডিক্কাল, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, মানব সুতার, গুরনুর ব্রার, হর্ষ দুবে এবং ধ্রুব জুরেল।
ঘোষিত একদিনের দল: শুভমান গিল (অধিনায়ক), শ্রেয়স আয়ার (সহ–অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল, ঈশান কিষাণ, হার্দিক পান্ডিয়া, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, প্রিন্স যাদব, গুরনুর ব্রার এবং হর্ষ দুবে।
❤ Support Us








