- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১১, ২০২৫
হাওড়ায় ‘নরেন্দ্র কাপ’ ঘিরে উত্তেজনা! শমীক ভট্টাচার্যকে ঘেরাও তৃণমূলের, নেতৃত্বে মনোজ তিওয়ারি
হাওড়ার দাশনগরে ‘নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট’-এর উদ্বোধন ঘিরে বৃহস্পতিবার চরম উত্তেজনা ছড়াল। বকেয়া বেতনের দাবিতে বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ শমীক ভট্টাচার্যের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালেন তৃণমূল সমর্থিত আরতি কটন মিলের একাংশ শ্রমিক। নেতৃত্বে ছিলেন তৃণমূল বিধায়ক ও ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারি।
দীর্ঘদিন ধরেই বন্ধ হাওড়ার আরতি কটন মিল। কর্মীদের বেতন বকেয়া, পুজোর আগেও মেলেনি বোনাস। সেই ক্ষোভ থেকেই বৃহস্পতিবার শমীক ভট্টাচার্য যখন টুর্নামেন্ট উদ্বোধনে মিলের মাঠে পৌঁছোন, তখনই তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভে ফেটে পড়েন শ্রমিকরা।
ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও র্যাফ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে প্রশাসন। শুরু হয় পাল্টা স্লোগান— একদিকে তৃণমূল সমর্থিত শ্রমিকেরা, অন্যদিকে বিজেপি কর্মী-সমর্থক।
পরিস্থিতি উত্তপ্ত হলেও শীতল থাকে দুই শিবিরের শীর্ষ নেতৃত্ব। মনোজ তিওয়ারি জানান, “আমরা খেলা বন্ধ করতে আসিনি। কিন্তু যে মাঠে খেলা হচ্ছে, সেই মিল বন্ধ। বকেয়া বেতন ও বোনাস না পেয়ে শ্রমিকেরা রোজ রাস্তায়। তাদের দাবির পক্ষে আমরা পাশে দাঁড়িয়েছি।”
জবাবে শমীক বলেন, “আমি সংসদীয় কমিটির সদস্য হিসেবে ইতিমধ্যেই বিষয়টি সংসদে তুলেছি। কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছে। কেন্দ্র টাকা দেবে, কিন্তু রাজ্যকেও এগোতে হবে। যৌথ উদ্যোগেই সমাধান সম্ভব।”
শেষমেশ মনোজ ও শমীকের মধ্যে সংক্ষিপ্ত আলোচনা হয়। কোনও বড় রাজনৈতিক বিবাদে না গড়িয়ে, দুই পক্ষই শান্তিপূর্ণ বার্তা দেন। শ্রমিকদের দাবি শোনার আশ্বাস দিয়ে মঞ্চে পৌঁছন শমীক, উদ্বোধন হয় টুর্নামেন্টেরও।
এদিন ছিল স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতার দিন। সেই উপলক্ষেই ‘নরেন্দ্র কাপ’ উদ্বোধনে এসে রাজনৈতিক বিতর্কের মাঝে পড়লেও, শমীক বলেন, “আজ কোনও রাজনৈতিক কথা নয়, এটা খেলার দিন।”
❤ Support Us







