- এই মুহূর্তে দে । শ
- অক্টোবর ৭, ২০২৪
ভারতীয় বায়ুসেনার এয়ার শো দেখতে গিয়ে চেন্নাইয়ে মৃত ৫
মর্মান্তিক পরিণতি ভারতীয় বায়ু সেনার এয়ার শো অনুষ্ঠানে। চেন্নাইয়ের মেরিনা বিচে এয়ার শো দেখতে গিয়ে প্রাণ হারিয়েছেন ৫ জন। মৃতদের মধ্যে একজন বৃদ্ধও রয়েছে। প্রায় আড়াইশো জন অসুস্থ। অসুস্থদের মধ্যে অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার ভারতীয় বায়ুসেনার ৯২তম প্রতিষ্ঠা দিবস ছিল। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে চেন্নাইয়ের মেরিনা বিচে বিশেষ এয়ার শোয়ের ব্যবস্থা করা হয়েছিল। সূত্রের খবর প্রায় ১৫ লক্ষ মানুষ এই এয়ার শো দেখতে ভিড় জমিয়েছিলেন। সকাল ১১টা নাগাদ এয়ার শো শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় বানতে থাকে। ভিড় সামলাতে হিমসিম খায় পুলিশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমও বাড়তে থাকে। গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়েন। জলের কোনও ব্যবস্থা ছিল না। এমনকি প্রাথমিক চিকিৎসার কোনও সুযোগ–সুবিধাও ছিল না।
ভিড়ের কারণে মেরিনা বিচ সংলগ্ন গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে ব্যাপক যানজট দেখা দেয়৷ ট্রাফিক সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশকে। চেন্নাই পুলিশের প্রচেষ্টা সত্ত্বেও জরুরি পরিষেবাগুলিকে সচল রাখা সম্ভব হয়নি। আর এই ভিড়ের জন্যই সময়মতো ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছতে পারেনি। ফলে অসুস্থদের হাসপাতালে নিয়ে যেতে সমস্যা দেখা দেয়। দেরিতে হাসপাতালে পৌঁছনোয় চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় পেরুঙ্গালাথুরের বাসিন্দা শ্রীনিবাসন (৪৮), তিরুভোত্তিউরের বাসিন্দা কার্তিকেয়ন (৩৪), কোরুকুপেটের বাসিন্দা জনের (৫৬) ও দীনেশ কুমারের।
এইরকম চরম পরিণতির জন্য স্থানীয়রা সরকারকেই দায়ী করেছেন। ব্যাপক ভিড় হবে জেনেও ন্যুনতম পরিষেবার ব্যবস্থাও করা হয়নি। রাস্তার পাশে কোনও পানীয় জলের স্টেশন ছিল না। অধিকাংশ খাবারের দোকান বন্ধ করে দেওয়া হয়েছিল। হাতে গোনা যে কটা খোলা ছিল, সেগুলিতেও জল এবং ঠান্ডা পানীয় শেষ হয়ে গিয়েছিল। এয়ার শো দেখতে আসা এক মহিলা বলেন, ‘রাজ্য সরকার চূড়ান্ত ব্যর্থ। অনুষ্ঠানস্থলে বা রাস্তায় কোনও যথাযথ ব্যবস্থা ছিল না।’
এই ঘটনায় তামিলনাড়ুর ডিএমকে সরকারকে তোপ দেগেছেন রাজ্যের বিজেপি প্রধান আন্নামালাই। তিনি অভিযোগ করেন, ‘সরকার প্রাথমিক নিরাপত্তার ব্যবস্থাটুকুও করেনি। মানুষের যাতায়াতের জন্য পর্যাপ্ত যানবাহানেরও ব্যবস্থা করেনি প্রশাসন। এমনকি জলের ব্যবস্থাও করেনি। সাধারণ মানুষের নিরাপত্তায় গাফিলতি কেন, মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনকে উত্তর দিতে হবে।’
❤ Support Us







