- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ১১, ২০২৫
অনূর্ধ্ব ১৫ যুব লিগের ডার্বিতে ইস্টবেঙ্গলকে ২–১ ব্যবধানে হারাল মোহনবাগান
একই দিনে দুটো ডার্বি। সন্ধেয় গুয়াহাটিতে আইএসএলে মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গলে মাঠে নামার আগেই দুপুরে জুনিয়র ফুটবলে মুখোমুখি হয়েছিল দুই প্রধান। কল্যানীতে অনূর্ধ্ব ১৫ রিলায়েন্স ইউথ ফাউন্ডেশন লিগে ছোটদের ডার্বিতে বাজিমাত মোহনবাগানের। ইস্টবেঙ্গলকে ২–১ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিল মোহনবাগান। জোড়া গোল করে মোহনবাগানের জয়ের নায়ক রাজদীপ পাল।
ছোটদের ডার্বিতে অবশ্য সারা ম্যাচে ইস্টবেঙ্গলেরি প্রাধান্য ছিল। ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় লাল–হলুদ। কিন্তু সেই গোল ঘরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধেই সমতা ফেরায় রাজদীপ পাল। ৯০ মিনিট পর্যন্ত ম্যাচের ফল ছিল ১–১। মনে হচ্ছিল ম্যাচ ড্র–য়ের দিকেই এগোবে। কিন্তু ম্যাচের ইনজুরি সময়ে আবার গোল করে মোহনবাগানকে জয়ে এনে দেয় রাজদীপ পাল।
অনূর্ধ্ব ১৫ রিলায়েন্স ইউথ ফাউন্ডেশন লিগে হারলেও এআইএফএফ অনুর্দ্ধ ১৭ এলিট যুব লিগে এদিন অবশ্য দারুণ জয় তুলে নিয়েছে ইস্টবেঙ্গল। বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস একাডেমিকে ২-০ গোলে হারাল ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে দুটি গোলই করেছে শেখর সর্দার। ২ মিনিটেই গোল করে দলকে এগিয়ে দেয় শেখর। ৭১ মিনিটে দ্বিতীয় গোলও আসে তার পা থেকে। টানা ৩ ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল।
❤ Support Us






