Advertisement
  • এই মুহূর্তে বি। দে । শ
  • জানুয়ারি ৯, ২০২৬

ভেনেজুয়েলার কাছে ৩ ভারতীয়সহ রাশিয়ান তেল ট্যাঙ্কার আটক করল মার্কিন যুক্তরাষ্ট্র, পাল্টা প্রতিক্রিয়া মস্কোর

আরম্ভ ওয়েব ডেস্ক
ভেনেজুয়েলার কাছে ৩ ভারতীয়সহ রাশিয়ান তেল ট্যাঙ্কার আটক করল মার্কিন যুক্তরাষ্ট্র, পাল্টা প্রতিক্রিয়া মস্কোর

উত্তর আটলান্টিক মহাসাগরে ভেনেজুয়েলার কাছে রাশিয়ার পতাকাবাহী তেল ট্যাঙ্কার ‘‌মেরিনেরা’‌ আটক করল মার্কিন যুক্তরাষ্ট্র। ক্যারিবিয়ান সাগর থেকে এই জাহাজটি আটক করেছে মার্কিন নৌবাহিনী। জাহাজের ২৮ জন ক্রু সদস্যের মধ্যে ৩ জন ভারতীয় রয়েছেন। মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে যে, ভেনেজুয়েলার সঙ্গে সংযোগের অভিযোগে তেল বহনকারী ট্যাঙ্কারটি আটক করেছে।
‘‌মেরিনেরা’–র আগের নাম ছিল বেলা ১। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার পতাকার নিয়ে চলাচলের জন্য অনুমতি পাওয়া মেরিনেরা ২৪ ডিসেম্বর আন্তর্জাতিক নিয়ম এবং রাশিয়ান আইন মেনে উত্তর আটলান্টিকের আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে রাশিয়ার একটা বন্দরের দিকে অগ্রসর হচ্ছিল। সেই সময় মার্কিন কোস্টগার্ড এবং মার্কিন সামরিক বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে ট্যাঙ্কারটি আটক করে। এই অভিযানে মার্কিন কোস্টগার্ডকে ব্রিটেনও সহযোগিতা করেছিল। ট্যাঙ্কারে ওঠার চেষ্টার জন্য ব্রিটিশ বিমান ঘাঁটিগুলিকে লঞ্চপ্যাড হিসাবে ব্যবহার করা হয়েছিল। রয়্যাল এয়ার ফোর্সের নজরদারি বিমান আইসল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যবর্তী জলসীমার মধ্য দিয়ে জাহাজটি চলাচলের সময় পর্যবেক্ষণ করেছিল।
ট্যাঙ্কার আটক হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে মস্কো দ্রুত প্রতিক্রিয়া জানায়। রাশিয়ার প্রতিরক্ষা বিষয়ক রাজ্য ডুমা কমিটির সহকারী চেয়ারম্যান এবং রাশিয়ার সংসদের সিনিয়র সদস্য আলেক্সি ঝুরাভলেভ মার্কিন বাহিনীর দ্বারা ট্যাঙ্কার মেরিনের আটককে মার্কিন যুক্তরাষ্ট্রের জলদস্যুতা বলে অভিহিত করেছেন এবং এটাকে রাশিয়ান ভূখণ্ডে আক্রমণের সঙ্গে তুলনা করছেন। কারণ জাহাজটিতে রাশিয়ার পতাকা উড়ছিল। জাহাজটিতে ১৭ জন ইউক্রেনের ৬ জন জর্জিয়ার, ৩ জন ভারতের এবং জাহাজের ক্যাপ্টেনসহ ২ জন রাশিয়ার নাগরিক ছিলেন। সব ক্রু সদস্য মার্কিন কোস্টগার্ডের হাতে আটক রয়েছেন। মার্কিন কর্তারা সামুদ্রিক ও নিষেধাজ্ঞা আইন মেনে জাহাজটির মালিকানা তদন্ত করছেন।
রাশিয়া এই ঘটনায় গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে এবং আমেরিকাকে সামুদ্রিক নৌচলাচলের স্বাধীনতা সম্পর্কিত আন্তর্জাতিক আইন মেনে চলার দাবি জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় মেরিনেরা ট্যাঙ্কারের ক্রু সদস্যদের প্রতি মানবিক আচরণের দাবি জানিয়েছে। রাশিয়া জানিয়েছে যে, ট্যাঙ্কারের পরিস্থিতি সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রকে বারবার অবহিত করা হয়েছে। এক বিবৃতিতে রাশিয়ার বিদেশমন্ত্রক জানিয়েছে, ‘‌আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি আন্তর্জাতিক সামুদ্রিক নৌ চলাচলের মৌলিক নিয়ম এবং নীতি মেনে চলার এবং মেরিনার ট্যাঙ্কার এবং অন্যান্য জাহাজের বিরুদ্ধে অবৈধ পদক্ষেপ অবিলম্বে বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’‌
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘‌কিছু মার্কিন কর্মকর্তার দাবি যে, মেরিনেরা ট্যাঙ্কার আটক করা ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদের ওপর ওয়াশিংটনের নিরবচ্ছিন্ন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটা বৃহত্তর কৌশলের অংশ। এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা এই ধরনের নব্য ঔপনিবেশিক প্রবণতা সম্পূর্ণরূপে প্রত্যাখ্যান করি। মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলির একতরফা বিধিনিষেধমূলক পদক্ষেপগুলি অবৈধ এবং এখতিয়ার প্রতিষ্ঠার প্রচেষ্টা। মস্কো ওয়াশিংটনের কাছে অনুরোধ জানিয়েছে যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত ক্রু–দের মুক্তি দেওয়ার।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!