- এই মুহূর্তে দে । শ
- জানুয়ারি ২৭, ২০২৫
‘এক দেশ এক আইন’ – প্রয়োগ উত্তরাখণ্ডে । নামে অভিন্ন দেওয়ানি বিধি, কিন্তু কাজে?
ভারতের মধ্যে প্রথমবার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি প্রয়োগ করেছে উত্তরাখণ্ড রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি ঘোষণা করেছেন যে, রাজ্যে এই বিতর্কিত আইন লাগু করা হয়েছে। এই আইনে বিবাহ, বিবাহ কিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার, ধর্মনিরপেক্ষভাবে লিঙ্গসাম্যের কথা বলে। ঘোষণায় বলা হয়েছে, এবার থেকে ‘লিভ ইন’ করতে রেজিস্ট্রেশন করাতে হবে।
দেশের প্রথম রাজ্য হিসাবে সোমবার ২৭ জানুয়ারি উত্তরাখণ্ডে চালু হতে চলেছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড। রাজ্যের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ইউসিসি পোর্টালের উদ্বোধন করেছেন। আগেই রাজ্যে বিতর্কিত এই আইন বলবতের ঘোষণা করেছিলেন ধামী। নতুন ব্যবস্থা শুর করতে সরকারি কর্মী, অফিসারদের প্রশিক্ষণ দেওয়ার কাজ বিগত কিছু সময় ধরে চলছিল। কয়েকদিন পরেই উত্তরাখণ্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, তার আগে এই আইনবিধি চালু করবার সীদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাষ্ট্রপতির অনুমোদন পাওয়ার পরেই, আইন পাস হওয়ার পর রাজ্যের সাবেক মুখ্যসচিব শত্রুঘ্ন সিংয়ের নেতৃত্বে গঠিত এক কমিটিকে নতুন আইনের বিধি ও বিধানমালা তৈরির দায়িত্ব দেওয়া হয়। সেই কমিটি গত বছরের শেষে সরকারের কাছে তা জমা দেয়। রাজ্য মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন পাওয়ার পর মার্চে এক বিজ্ঞপ্তিতে উত্তরাখণ্ড রাজ্য সরকার জানিয়েছিল, এই আইন অনুযায়ী বিয়ে, বিবাহবিচ্ছেদ, সম্পত্তির উত্তরাধিকার ও দত্তক গ্রহণের ক্ষেত্রে রাজ্যের নাগরিকদের মধ্যে কোনো বৈষম্য থাকবে না। হিন্দু, মুসলমান, খ্রিষ্টানসহ সব ধর্মাবলম্বী এক নিয়মে বাঁধা পড়বেন। শুধু রাজ্যের তফসিলভুক্ত উপজাতিরা এই আওতার বাইরে থাকবেন। ধর্মীয় ও লিঙ্গের ভিত্তিতে বিশেষ আইনগুলি বাতিল হবে। ধর্মনিরপেক্ষভাবে ও লিঙ্গসাম্যের ভিত্তিতে সকল নাগরিককে এক আইন মেনে চলতে হবে। । শিক্ষার উপর জোর দেওয়ার জন্য সব ধর্মের ছেলে ও মেয়ে উভরের বিয়ের নূন্যতম বয়স ২১ বছর করা হয়েছে। বাল্যবিবাহ, বহুবিবাহ ও তিনতালাক বিবাহবিচ্ছেদ নিষিদ্ধ করা হয়েছে এই আইনে। মুসলমান সমাজে প্রচলিত ‘হালালা’ প্রথা ও রীতি ইউসিসিতে নিষিদ্ধ হচ্ছে। এমনকি এবার থেকে ‘লিভ ইন’ করতে হলে যুগলকে প্রশাসনের কাছে রেজিস্ট্রেশন করাতে হবে। তা না করালে তিন মাসের কারাদণ্ড ও ২৫ হাজার টাকা জরিমানা হতে পারে। ২০২৫ সালের শুরুতেই যে রাজ্যে ‘অভিন্ন দেওয়ানি বিধি’ কার্ষকর হতে চলেছে গত মাসেই তা জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ধামি ৷
উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি এই আইন চালু করা প্রসঙ্গে পিটিআইকে বলেছেন, দেশকে এক উন্নত, সংগঠিত, সম্প্রীতিপূর্ণ স্বনির্ভর জাতি গড়ার জন্য প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় ইউসিসি সহায়ক হবে। তিনি বলেন, ২০২২ সালের নির্বাচনে এটি ছিল দলের অন্যতম প্রতিশ্রুতি। সেই নির্বাচনে টানা তিনবারের জন্য রাজ্যের ক্ষমতায় আসে বিজেপি।
২০২৪ এ কেন্দ্রে মোদি সরকার আবার ক্ষমতায় আসবার পর থেকেই ইউনিফর্ম সিভিল কোড প্রয়োগের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুন এই আইন নিয়ে সমালোচনাও কম হয় নি। আসাদুদ্দিন ওয়েশির মতো নেতারা দীর্ঘদিন ধরে এই আইনের বিরোধিতা করে আসছেন। বিরোধিদের মতে, এই আইন ভারতীয় সংবিধানের বহু মৌলিক অধিকারকে খর্ব করবে। উত্তরাখণ্ডের মহিলা সংগঠনের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছিল, ‘এই বিলটিকে আলোচনার জন্য একটি স্থায়ী কমিটি বা নির্বাচন কমিটির কাছে পাঠানো হোক। কোনও দাবিই মানা হয়নি। এই অভিন্ন দেওয়ানি বিধি আসলে ব্যক্তিস্বাতন্ত্র্য এবং পছন্দের অধিকারকে খর্ব করতে চাইছে, যা এ দেশের নারী বহু দিনের সম্মিলিত প্রচেষ্টায় অর্জন করেছে, বাড়ির ভিতরে এবং বাইরে।’
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ভারতের সংবিধানকে ধীরে ধীরে বদলে দিতে চাইছে আরএসএস। মনুবাদী সংস্কৃতিতে অভ্যস্থ করাতে চাইছে দেশের নাগরিকদের। তাইও জল মাপতে উত্তরপ্রদেশ, গুজরাত বা মধ্যপ্রদেশ নয় ছোট রাজ্য উত্তরাখণ্ডে প্রথম এই বিল আনা হলো। তাঁরা বলছেন, যে বিধির আওতা থেকে তফসিলি উপজাতিদের এবং ‘অবিভক্ত হিন্দু পরিবার’কে সরিয়ে রাখা হয়েছে্ তাতে কি এই আইন আর ‘অভিন্ন’ দেওয়ানি বিধি, থাকছে? তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। অবিভক্ত হিন্দু পরিবার আইনে বিপুল কর ছাড় ছাড়াও নানাবিধ সুবিধা মেলে। আর সেই সুযোগটা ভোগ করে থাকে মূলত দেশের ধনী ব্যবসায়ী হিন্দু পরিবারগুলো। তাহলে কি মুসলিমদের জব্দ করতেই এই আইন প্রয়োগ। ভারত বৈচিত্রপুর্ণ বিশাল ভুখণ্ডের দেশ। তাতে নানা ভাষার, নানান সংস্কৃতির মানুষ বাস করেন। তাঁদের সমাজ ব্যবস্থার নিজস্ব নিয়মকানুন রয়েছে। মুসলমানদের ক্ষেত্রে শরিয়ত আইনে (মুসলিম বিবাহ আইন) বিয়ে এবং বিবাহ বিচ্ছেদের যে সুযোগ ভারতীয় সংবিধান মুসলমানদের দিয়েছে তা রদ হবে। তবে বিয়ে বা বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে এখনই সব ধর্মের মানুষকেই আইনের মধ্য দিয়ে যেতে হয়।
ইভইনের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক মানুষদের নিজের ইচ্ছা অনুযায়ী থাকবার স্বাধীনতা রয়েছে। সুপ্রিমকোর্টের রায়ে তা ষ্পষ্ট। তাহলে একটি রাজ্য কী ভাবে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করে শীর্ষ আদালতের রায়কে অগ্রাহ্য করে সে প্রশ্ন উঠছে। এতে সমাজে নারীর অধিকার খর্ব হতে পারে, নীতিপুলিশির দ্বারা শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হতে পারেন যুগলেরা। নারীপুরুষের সম্পর্ক নিয়ে একাধিক বিধিনিষেধ জারি করে সংঘ, এবার তা সরাসরি আইন হিসাবে আসতে চলেছে বলে মত বহু নাগরিকের। ১৯৫৪ সালে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু হিন্দু ম্যারেজ অ্যাক্ট-এর পাশাপাশই স্পেশাল ম্যারেজ অ্যাক্ট তৈরি করেছিলেন। মূলত যাঁরা ভিন্ন ধর্মে বিয়ে করতে চান কিংবা ধর্মপ্রথায় বিয়ে করতে ইচ্ছুক নন তাঁদের জন্য। নয়া আইনে আপাতত স্পেশাল ম্যারেজ অ্যাক্টেই মুসলমানদের বিয়ে হবে। তাহুলে বাকি ধর্মের যাঁদের ব্যক্তিগত আইন রয়েছে তার কী হবে? সেগুলোকে এক রেখে শুধুমাত্র মুসলমানের বিবাহ আইন বাতিল করলে তো ‘অভিন্ন’ বিধি হয় না।
ভারতবর্ষে স্বাধীনতা-পরবর্তী সময়ে দেশভাগের পটভূমিতে ঘটা সাম্প্রদায়িক অশান্তি এবং ব্যক্তিগত আইন প্রত্যাহারের জন্য গড়ে ওঠা প্রতিরোধের ফলে ইউ সি সি-কে একটি নির্দেশমূলক নীতি হিসেবে স্থান দেওয়া হয়েছিল। যদিও, সংবিধানের রচয়িতারা সংসদে একটি ‘হিন্দু কোড বিল’ আনার চেষ্টা করেছিলেন, যাতে নারীদের উত্তরাধিকারের ক্ষেত্রে সমান অধিকারের মতো প্রগতিশীল পদক্ষেপগুলিও অন্তর্ভুক্ত ছিল। দুর্ভাগ্যবশত সেটি দিনের আলো দেখতে পারেনি। ২০০৫ সালের ৫ সেপ্টেম্বর যখন ‘হিন্দু উত্তরাধিকার (সংশোধন) আইন-২০০৫’ , ভারতের রাষ্ট্রপতির অনুমোদন পায় তখন ‘হিন্দু উত্তরাধিকার আইন-১৯৫৬’-এর সম্পত্তির অধিকার সংক্রান্ত বৈষম্যমূলক ধারাগুলিও অপসারিত করা হয়। বিচারবিভাগীয় দৃষ্টিকোণ থেকে, সুপ্রিম কোর্ট শাহ বানু বেগম মামলা থেকে শুরু করে সাম্প্রতিক শায়রা বানু বনাম ভারত সরকারের মামলা পর্যন্ত যে বেশ কিছু ক্ষেত্রে ইউ সি সির গুরুত্বের কথা আবার উঠে এসেছিল। তালাক-ই-বিদাত (তিন তালাক) প্রথার আইনি বাতিল হয়েছে এবং সেটিকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। ২০১৪ সাল থেকে ক্ষমতায় থাকা ভারতীয় জনতা পার্টি তার সাধারণ নির্বাচনী ইস্তাহারে বলেছিল যে, ‘বিজেপি বিশ্বাস করে — যতক্ষণ না ভারত একটি অভিন্ন দেওয়ানি বিধি প্রণয়ন করছে, ততক্ষণ পর্যন্ত লিঙ্গ সমতার বাস্তবায়ন সম্ভব নয়, যা সকল নারীর অধিকারকে সুরক্ষিত করে।’ যদিও বাস্তবে এমনটা ঘটেনি, নির্দিষ্ট একটি ধর্মকে কোণঠাসা করতেই হাতিয়ার হিসাবে ব্যবহার করা হচ্ছে এই আইনকে। শুধু উত্তরাখণ্ড নয়, অসম ও গুজরাট সরকার ইতিমধ্যে এক দেশ এক আইনের পক্ষে কাজ করে যাচ্ছে। ইউসিসির খসড়া প্রস্তুত করছে গুজরাট সরকার। ইতিমধ্যেই মুসলমানদের বহুবিবাহ আর বাল্যবিবাহ বন্ধ করতে অভিন্ন দেওয়ানি বিধি আনছে অসম সরকার।
❤ Support Us






