Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • নভেম্বর ২৫, ২০২৩

‌দুরন্ত সেঞ্চুরি অভিমন্যু ঈশ্বরণের। বরোদাকে ৯৫ রানে হারাল বাংলা

আরম্ভ ওয়েব ডেস্ক
‌দুরন্ত সেঞ্চুরি অভিমন্যু ঈশ্বরণের। বরোদাকে ৯৫ রানে হারাল বাংলা

বিজয় হাজারে ট্রফিতে দারুণ ছন্দে বাংলা। নাগাল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিল। বুধবার বরোদাকে হারাল ৯৫ রানে। দুরন্ত সেঞ্চুরি করে বাংলার জয়ের ভিত গড়ে দেন অভিমন্যু ঈশ্বরণ। প্রথম ম্যাচের প্রতিপক্ষ নাগাল্যান্ড দুর্বল হলেও বরোদা অবশ্য যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। তাদের বিরুদ্ধে জয় বাংলার কাছে তাৎপর্যপূর্ণ।

মুম্বইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে এদিন টস জিতে বাংলাকে প্রথমে ব্যাট করতে পাঠায় বরোদা। দারুণ শুরু করেছিলেন বাংলার দুই ওপেনার অভিমন্যু ঈশ্বরণ ও অভিষেক পোড়েল। ওপেনিং জুটিতে ওঠে ১১৮। অভিমন্যু সিং রাজপুত জুটি ভাঙেন। ৬৫ বলে ৫৯ রান করে আউট হন অভিষেক। অধিনায়ক সুদীপ ঘরামি (‌২)‌ রান পাননি। এরপর দুই অভিজ্ঞ ব্যাটার অভিমন্যু ও অনুষ্টুপ মজুমদার বাংলাকে এগিয়ে নিয়ে যান। রাজপুতই আবার জুটি ভাঙেন। এবার তুলে নেন অনুষ্টুপকে। ৪৭ বলে ৪১ রান করে আউট হন অনুষ্টুপ।

অনুষ্টুপ আউট হওয়ার পরপরি বাংলার ইনিংসে ধস নামে। পরপর ফিরে যান শাহবাজ আমেদ (‌৯)‌, ঋত্ত্বিক রায় চৌধুরি (‌৮)‌ ও করণ লাল (‌৩)‌। ক্রিজে নেমে ঝড় তোলেন প্রদীপ্ত প্রামাণিক। অভিমন্যু ও তিনিই বাংলাকে ৩০০ রানের গন্ডি পার করে দেন। ওপেন করতে নেমে ৪৯ তম ওভারে আউট হন অভিমন্যু ঈশ্বরণ। ১৩৮ বলে তিনি করেন ১৪১ রান। নির্ধারিত ৫০ ওভারে ৩১৪/‌৮ তোলে বাংলা। ১৪ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন প্রদীপ্ত প্রামানিক।

জয়ের জন্য ৩১৫ রানের বিশাল লক্ষ্যের চাপ নিতে পারেনি বরোদা। তৃতীয় ওভারেই জ্যোৎস্নিল সিংকে (‌২)‌ তুলে নিয়ে আকাশ দীপ বরোদাকে ধাক্কা দেন। নিনাদ রাথভাকে (‌৪)‌ ফেরান মহম্মদ কাইফ। প্রাথমিক চাপ কাটিয়ে বরোদাকে টেনে নিয়ে যাচ্ছিলেন মিথেশ প্যাটেল ও শাশ্বত রাওয়াত। মিথেশ প্যাটেলকে (‌৩২)‌ তুলে নিয়ে জুটি ভাঙেন করণ লাল। শাশ্বতকে (‌৫৯)‌ ফেরান প্রদীপ্ত প্রামানিক। অধিনায়ক বিষ্ণু সোলাঙ্কিকে (‌৬)‌ তুলে নিয়ে বরোদাকে চাপে ফেরান প্রদীপ্ত। শেষ পর্যন্ত ৪৪.‌২ ওভারে ২১৯ রানে গুটিয়ে যায় বরোদা। অভিমন্যু রাজপুজ করেন ৩২, শিবালিক শর্মা করেন ৩৭। বাংলার হয়ে ৪৩ রানে ৩ উইকেট নেন করণ লাল। ৪৬ রানে ৩ উইকেট নেন প্রদীপ্ত প্রামানিক। ২টি উইকেট নেন মহম্মদ কাইফ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!