Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ৩১, ২০২৬

মণিপুরে ফের হিংসা, কাঙপোকপিতে গুলিতে নিহত ২, আহত ১

আরম্ভ ওয়েব ডেস্ক
মণিপুরে ফের হিংসা, কাঙপোকপিতে গুলিতে নিহত ২, আহত ১

মণিপুরের কাঙপোকপি জেলায় সোমবার সকালে একটি গ্রামে সন্দেহভাজন জঙ্গিদের গুলিবর্ষণে দুই গ্রামবাসী নিহত এবং আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছেন সরকারি আধিকারিকরা ।

সকাল প্রায় সাড়ে ৯টা নাগাদ টি ওয়াইচং সাবডিভিশনের অন্তর্গত কুকি-অধ্যুষিত এন তেইখাং গ্রামে এই হামলার ঘটনা ঘটে । এক জেলা আধিকারিক জানিয়েছেন, অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত সশস্ত্র ব্যক্তিরা গ্রামটিতে এলোপাথাড়ি গুলি চালায় । পাশাপাশি, বেশ কয়েকটি বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয় ।

নিহতদের মধ্যে রয়েছেন ৩৫ বছর বয়সি লামতিনথাং এবং নেইচিন । গুলির ঘটনায় ৬৫ বছর বয়সি এক গ্রামবাসী, সেইলুন, গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন ।

গুলিবর্ষণ চলতে থাকায় বহু বাসিন্দা নিজেদের বাড়িঘর ছেড়ে পালিয়ে কাছাকাছি জঙ্গলে আশ্রয় নেন । দুই সম্প্রদায়ের সশস্ত্র গোষ্ঠীর মধ্যে পাল্টাপাল্টি গুলি চলছিল । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় ।
এই ঘটনার কয়েক দিন আগেই কাঙপোকপি জেলায় সন্দেহভাজন জঙ্গিরা একটি গাড়িতে অতর্কিত হামলা চালিয়েছিল । ওই হামলায় চারজন নাগা বেসামরিক নাগরিক নিহত এবং আরও একজন আহত হন ।

রাজ্যে গত ফেব্রুয়ারিতে নাগা ও কুকি সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়িয়ে পড়ার পর থেকে পৃথক পৃথক গুলির ঘটনায় ২০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন । সংঘর্ষের সময় বেশ কয়েকটি বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়া হয়েছে ।

রবিবার রাতে কাকচিং জেলায় জনগণনা প্রক্রিয়া শুরুর আগে জাতীয় নাগরিকপঞ্জির বিষয়ে একটি আপডেট দাবি করে আয়োজিত মশাল মিছিলও হিংসাত্মক হয়ে ওঠে । আধিকারিকদের দাবি, বিক্ষোভকারীদের একাংশ পুলিশের দিকে পাথর ছোড়ে । পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তাকর্মীরা কাঁদানে গ্যাসের শেল ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেন ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!