- এই মুহূর্তে দে । শ
- নভেম্বর ৭, ২০২৫
প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন! নতুন খসড়া বিধিতে টেট-এর ওজন বেড়ে ৫ গুণ
প্রাথমিক শিক্ষক নিয়োগে রাজ্যে বড়োসড়ো পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। স্কুল শিক্ষা দপ্তর সম্প্রতি প্রাথমিক শিক্ষকের নিয়োগের জন্য নতুন খসড়া বিধি প্রকাশ করেছে। নতুন খসড়া অনুযায়ী শিক্ষক যোগ্যতা পরীক্ষার বরাদ্দ নম্বর আগের ৫ থেকে এক লাফে ২৫-এ উন্নীত করা হয়েছে। অর্থাৎ টেট-এর গুরুত্ব এখন আগের চেয়ে ৫ গুণ বেশি।
তবে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, এটি চূড়ান্ত বিধি নয়। আপাতত এটি মতামত গ্রহণের জন্য প্রকাশ করা হয়েছে। পর্ষদের সভাপতি গৌতম পাল জানিয়েছেন, ‘বর্তমানে যে নিয়োগ প্রক্রিয়া চলছে, তা পুরনো বিধি অনুযায়ী চলবে। নতুন বিধি চূড়ান্ত হলে ভবিষ্যতের নিয়োগের ক্ষেত্রে তা প্রযোজ্য হবে। ১৫ দিনের মধ্যে মতামত জমা দেওয়া যাবে।’ নতুন খসড়ায় মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডিএলএড) পরীক্ষার নম্বরের বরাদ্দ কমানো হয়েছে। ডিএলএড-এর নম্বর পূর্বে যেখানে ১৫ ছিল, তা কমিয়ে ৫ করা হয়েছে। উচ্চ মাধ্যমিক পাশের জন্য বরাদ্দ নম্বর ১০ থেকে কমিয়ে ৫ করা হয়েছে। পাশাপাশি এক্সট্রা কারিকুলার কার্যক্রমের নম্বর বরাদ্দ খসড়ায় রাখা হয়নি।
ইন্টারভিউ ও ডেমো ক্লাসের জন্য বরাদ্দ রাখা হয়েছে ১০ নম্বর। শিক্ষকতার অভিজ্ঞতার ওপরও পরিবর্তন আনা হয়েছে। আট বছর বা তার বেশি অভিজ্ঞতা থাকলে প্রার্থী ৫ নম্বর পাবেন, আর চার বছরের কম অভিজ্ঞতা থাকলে মাত্র ১ নম্বর দেওয়া হবে। নতুন বিধি ঘিরে চাকরিপ্রার্থীদের মধ্যে ইতিমধ্যেই তীব্র আলোচনা শুরু হয়েছে। ২০২২ সালে টেট উত্তীর্ণ চাকরীপ্রার্থী মোহিত কারাতি বলেন, ‘নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর কোনো বিধি পরিবর্তন করা যায় না। সুপ্রিম কোর্টের রায়ও স্পষ্ট। নতুন খসড়া দেখার পর আমরা কিছুটা চিন্তিত।’
শিক্ষক সংগঠনগুলোও মনে করাচ্ছে, নিয়োগ বিধি পরিবর্তন হলেও সরকারের মানসিকতা পরিবর্তন এবং দুর্নীতিমুক্ত নিয়োগ নিশ্চিত করতে হবে। তা না হলে এই পরিবর্তন প্রার্থীদের জন্য কার্যকর হবে না। শিক্ষাজতের মত, টেট-এর ওজন বাড়ার ফলে শিক্ষক নিয়োগে প্রতিযোগিতা আরো কঠিন হবে। রাজ্য সরকার শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞানের গভীরতাকে বেশি প্রাধান্য দিতে চাইছে। সূত্রের খবর, আগামী কয়েক সপ্তাহের মধ্যে চূড়ান্ত বিধি প্রকাশিত হতে পারে।
❤ Support Us







