- এই মুহূর্তে দে । শ
- জুলাই ৬, ২০২৬
‘নেশন ফার্স্ট’, স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে শ্যামাপ্রসাদ ! পড়ুয়াদের রাষ্ট্রবাদের বার্তা মুখ্যমন্ত্রীর
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর শিক্ষাজীবনের স্মৃতিবিজড়িত ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে গিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান, আগামী শিক্ষাবর্ষ থেকেই স্কুল থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, কর্ম এবং রাষ্ট্রগঠনে তাঁর অবদান অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি মিত্র ইনস্টিটিউশনের উন্নয়ন ও সংস্কারের জন্যও একাধিক প্রকল্পের ঘোষণা করেন তিনি।
সোমবার রাজ্যজুড়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়। দিনের শুরুতে রেড রোডে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করে মুখ্যমন্ত্রী মুরলীধর সেন লেনের মিত্র ইনস্টিটিউশনে পৌঁছান। এই বিদ্যালয়েই ১৯০৬ থেকে ১৯১৭ সাল পর্যন্ত পড়াশোনা করেছিলেন শ্যামাপ্রসাদ। পরবর্তীকালে ১৯২৪ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত বিদ্যালয়ের পরিচালনাতেও তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের কাছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আদর্শ, রাষ্ট্রচিন্তা এবং দেশগঠনে তাঁর অবদান তুলে ধরা প্রয়োজন। সেই লক্ষ্যেই আগামী শিক্ষাবর্ষ থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে তাঁর জীবন ও কর্ম অন্তর্ভুক্ত করা হবে। পাঠ্যক্রমে বিশেষ গুরুত্ব পাবে পশ্চিমবঙ্গের সৃষ্টি, রাষ্ট্রপ্রেম, অখণ্ড ভারতের ভাবনা, পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা, কেন্দ্রীয় শিল্পমন্ত্রী হিসেবে তাঁর কাজ, প্রশাসনিক দক্ষতা, রাষ্ট্র পুনর্গঠন এবং শিক্ষার প্রসারে তাঁর অবদান।
মুখ্যমন্ত্রী বলেন, “শ্যামাপ্রসাদের অবদান মুদ্রিত, পঠিত ও চর্চিত হওয়া উচিত। নতুন প্রজন্মকে তাঁর চিন্তাধারা সম্পর্কে জানানো আমাদের দায়িত্ব।”
অনুষ্ঠানে উপস্থিত পড়ুয়াদের উদ্দেশে তিনি দেশপ্রেম ও রাষ্ট্রবাদের বার্তা দেন। তাঁর বক্তব্যে বারবার উঠে আসে, “নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট, নেশন ফার্স্ট।” তিনি বলেন, শ্যামাপ্রসাদকে যথার্থ সম্মান জানাতে হলে সর্বাগ্রে দেশকে স্থান দিতে হবে। পাশাপাশি তিনি দাবি করেন, অতীতে বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেস সরকার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানকে আড়াল করার চেষ্টা করেছে। বর্তমান সরকার তাঁর স্বপ্ন ও আদর্শ বাস্তবায়নের পথে এগোবে এবং ঘরে ঘরে তাঁর চিন্তাধারা পৌঁছে দেওয়া হবে।
মিত্র ইনস্টিটিউশনের উন্নয়ন নিয়েও একাধিক ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বিদ্যালয়ের ঐতিহ্য ও স্থাপত্য অক্ষুণ্ণ রেখে সংস্কারের কাজ করা হবে। নিজের বিধায়ক তহবিল থেকে স্কুলের পুনর্গঠনের জন্য ২৫ লক্ষ টাকা দেওয়ার ঘোষণাও করেন তিনি। এছাড়া বিদ্যালয়টিকে কেন্দ্রীয় সরকারের পিএম শ্রী (PM SHRI) প্রকল্পের অন্তর্ভুক্ত করার কথাও জানান।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণার ফলে আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন, আদর্শ ও রাষ্ট্রগঠনে তাঁর অবদান পাঠ্যসূচির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার পথ প্রশস্ত হল।
❤ Support Us







