- এই মুহূর্তে দে । শ
- জুলাই ২২, ২০২৬
বিদ্যুৎ চুরি রুখতে প্রযুক্তির ভরসা, চালু ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ; বিদ্যুৎ দফতরের নিয়োগেও বড় পরিবর্তনের ঘোষণা
রাজ্যে বিদ্যুৎ চুরি বা হুকিং দীর্ঘদিনের একটি বড় সমস্যা। এই সমস্যা মোকাবিলায় প্রযুক্তিকে হাতিয়ার করে ‘বিদ্যুৎ প্রহরী’ নামে একটি বিশেষ মোবাইল অ্যাপ চালু করল রাজ্য সরকার। মঙ্গলবার সল্টলেকের বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। একইসঙ্গে বিদ্যুৎ দপ্তরের নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণাও করেন তিনি।
বিশেষ করে প্রত্যন্ত গ্রামীণ এলাকাগুলিতে এখনও বিদ্যুৎ চুরির ঘটনা প্রায়শই ঘটে। অভিযোগ জমা পড়লেও অনেক ক্ষেত্রেই তার নিষ্পত্তি বা অগ্রগতির বিষয়ে অভিযোগকারীরা স্পষ্ট তথ্য পেতেন না। সেই সমস্যার সমাধান করতেই চালু করা হয়েছে ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ খুব সহজেই বিদ্যুৎ চুরি সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন এবং অভিযোগের বর্তমান স্টেটাসও সরাসরি ট্র্যাক করতে পারবেন।
অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, “বিদ্যুৎ চুরি সংক্রান্ত সমস্ত অভিযোগ এই অ্যাপের মাধ্যমে জানানো যাবে। অভিযোগ পাওয়ার পর দ্রুততার সঙ্গে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বিদ্যুৎ দপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিভাগ এবং ভবিষ্যতে এই দপ্তরে আরও একাধিক উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “বিদ্যুৎ চুরি জিরোতে নামিয়ে আনতে হবে। শিল্প কারখানার বকেয়া বিদ্যুৎ বিলের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে। অনেক বাণিজ্যিক ভবনে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে। অনেক ক্ষেত্রে মালিকরা রাজনৈতিকভাবে প্রভাবশালী হলেও কোনও রকম ছাড় দেওয়া হবে না। প্রয়োজন হলে নোটিস পাঠিয়ে বকেয়া আদায় করতে হবে। তবে গৃহস্থালি গ্রাহকদের ক্ষেত্রে মানবিক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে হবে এবং তাঁদের পূর্ববর্তী রেকর্ড বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে।”
অনুষ্ঠান থেকেই বিদ্যুৎ দপ্তরের নিয়োগ প্রক্রিয়া নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “নিয়োগের একটি নির্দিষ্ট নিয়ম থাকা উচিত। কোনও মন্ত্রী যদি কাউকে নিজের পরিচিত বলে চাকরি দেওয়ার জন্য সুপারিশ করেন, তাহলে সেই চাপ এড়ানো কঠিন। কিন্তু আমি চাই না এভাবে নিয়োগ হোক। পড়াশোনা শেষ করে যোগ্যতার ভিত্তিতেই সবাই চাকরি পাক।”
এরপরই তিনি বড় ঘোষণা করে জানান, ভবিষ্যতে বিদ্যুৎ দপ্তরের নিয়োগ প্রক্রিয়া পাবলিক সার্ভিস কমিশনের (PSC) মাধ্যমে সম্পন্ন করা হবে, যাতে নিয়োগে স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় থাকে।
কীভাবে ব্যবহার করবেন ‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপ ?
অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীরা গুগল প্লে স্টোরে গিয়ে ‘বিদ্যুৎ প্রহরী’ লিখে সার্চ করলেই অ্যাপটি পেয়ে যাবেন। ইনস্টল করার পর অ্যাপটি খুললেই বিভিন্ন ধরনের অভিযোগ জানানোর অপশন দেখা যাবে। প্রয়োজন অনুযায়ী অভিযোগ নির্বাচন করে সহজেই অভিযোগ জমা দেওয়া যাবে।
শুধু অভিযোগ জানানোই নয়, একই অ্যাপের মাধ্যমে অভিযোগের বর্তমান অবস্থা বা স্টেটাসও দেখা যাবে। সরকারের দাবি, বিদ্যুৎ চুরি সংক্রান্ত অভিযোগকারীর নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। এছাড়াও ২৪ ঘণ্টা অ্যাপের উপর নজরদারি চালাবেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। ফলে অভিযোগ জমা পড়ার পর দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।
শুধু বিদ্যুৎ চুরি নয়, গ্রাহকরা বিদ্যুৎ পরিষেবা সংক্রান্ত অন্যান্য সমস্যা, অভিযোগ কিংবা মতামতও এই অ্যাপের মাধ্যমে জানাতে পারবেন। ফলে এক প্ল্যাটফর্ম থেকেই একাধিক পরিষেবা পাওয়ার সুবিধা মিলবে বলে জানিয়েছে বিদ্যুৎ দপ্তর।
❤ Support Us







