- মা | ঠে-ম | য় | দা | নে
- আগস্ট ৫, ২০২৫
এবার বাংলার কোচের ভূমিকায়, দ্বিতীয় ইনিংস শুরু ঋদ্ধিমান সাহার
বাংলার বয়সভিত্তিক দল থেকেই তাঁর উঠে আসা। চুটিয়ে খেলেছেন বাংলার অনূর্ধ্ব ২৩ দলেও। এবার সেই দলেরই কোচের দায়িত্বে ঋদ্ধিমান সাহা। বাংলার অনূর্ধ্ব ২৩ দলের কোচ হিসেবে ক্রিকেটজীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন দেশের এই প্রাক্তন ক্রিকেটার।
দীর্ঘদিন বাংলার হয়ে খেলেছেন। মহেন্দ্র সিং ধোনির ছায়ায় ঢাকা পড়ে থাকলেও যতটুকু সুযোগ পেয়েছেন, দেশের জার্সি গায়ে নিজেকে মেলে ধরেছেন। একসময় সিএবি–র এক কর্তার কথায় অভিমানে বাংলা ছেড়ে ত্রিপুরায় পাড়ি দিয়েছিলেন। ত্রিপুরার হয়ে রনজিও খেলেন। আবার ফিরে আসেন বাংলায়। বাংলার হয়ে রনজি খেলেই ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। এবার বাংলার বয়সভিত্তিক দলের হয়েই কোচ হিসেবে অভিষেক।
সোমবারই অনূর্ধ্ব ২৩ ক্রিকেটারদের নিয়ে মাঠে নেমে পড়েন ঋদ্ধিমান। মাঠে নামার আগেই ক্রিকেটারদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বার্তা দেন। ক্রিকেটারদের ঋদ্ধি বলেন, ‘আমি দীর্ঘ বৈঠকে বিশ্বাসী নই। বেশি কথা বলতে চাই না। একটা দল হিসেবে আমাদের অবশ্যই দক্ষতার ওপর মনোযোগ দিতে হবে। সতীর্থদের পাশে দাঁড়াতে হবে, সাহায্য করতে হবে। কোনও ক্রিকেটারের ব্যক্তিগত লক্ষ্য থাকা উচিত নয়। নিজেদের ওপর বিশ্বাস রাখতে হবে। অনুশীলনে আমরা যা করব, তা ম্যাচে বাস্তবায়ন করতে হবে।’
প্রথম দিন প্রায় ঘন্টা তিনেক অনুশীলন করান ঋদ্ধি। প্রথমে ওয়ার্ম আপ, তারপর কোর স্ট্রেংথিং এক্সারসাইজ এবং শেষে নেট সেশন। প্রথম দিনের অনুশীলনে ঋদ্ধিমানের সঙ্গে ছিলেন ছিলেন দলের বোলিং পরামর্শদাতা উৎপল চ্যাটার্জি এবং সহকারী কোচ দেবব্রত দাস। টানা তিন ঘন্টার দীর্ঘ সেশনের পর ঋদ্ধিমান বাংলার প্রতিভাদের প্রশংসা করেন এবং আসন্ন ঘরোয়া মরশুমে দলের সম্ভাবনার কথাও তুলে ধরেন।
ঋদ্ধি বলেন, ‘আমাদের ছেলেদের মধ্যে প্রচুর প্রতিভা রয়েছে। সম্ভাব্য ক্রিকেটারদের মধ্যে থেকে সেরা দল বেছে নিতে হবে। সেরা দল বেছে নেওয়াটা খুবই কঠিন। কারণ দলে অনেক প্রতিভা আছে। ব্যাটিং এবং বোলিংয়ের ব্যাপারে প্রত্যেকের দক্ষতা রয়েছে। তারা জানে কী করতে হবে। কোচ হিসেবে আমাদের শুধুমাত্র তাদের সঠিক নির্দেশ দিতে হবে, সঠিকভাবে পরিচালনা করতে হবে। এই দল ভাল ফল করবে, এই ব্যাপারে আমি আশাবাদী।’
❤ Support Us








