- বি। দে । শ
- এপ্রিল ২৩, ২০২৫
ইয়েমেনে হামলা অব্যাহত, আবার মার্কিন ড্রোন ধ্বংস করল হুতিরা
দেশের উত্তর–পশ্চিমাঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন ভূপাতিত করল ইয়েমেনের হুতিরা। ইয়েমেনের হাজ্জাহ প্রদেশে হামলা চালানোর সময় সেটিকে সেটিকে ভূপাতিত করা হয়। চলতি মাসে এই নিয়ে মোট ৭টি মার্কিন ড্রোন ভূপাতিত করল হুতিরা। গাজায় হামাস ও ইজরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটা ২২তম।
মার্চ মাস থেকে প্রায় প্রতিদিনই মার্কিন বাহিনী ইয়েমেনে ব্যপক হামলা চালিয়ে আসছে। হুতিদের ঘাঁটি লক্ষ্য করে বিমান ও ড্রোন হামলা চালাচ্ছে। মার্কিনী হামলায় এখন পর্যন্ত ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এর মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু। মঙ্গলবার রাতেও ইয়েমেনের অন্তত তিন জায়গায় একাধিক বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। ড্রোন হামলাও চালায়। হুতি মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যুক্তরাষ্ট্রের একটি শত্রুভাবাপন্ন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে, যা হাজ্জাহর আকাশসীমায় হামলা চালাচ্ছিল।’
মঙ্গলবার রাতে লোহিত সাগরে কামরান দ্বীপে একাধিক বিমান হামলা চালায় মার্কিন যুক্তরাষ্ট্র। এছাড়া পশ্চিম ইয়েমেনের আল সালিফ এলাকায় দুটি এবং উত্তরাঞ্চলীয় সা’দা প্রদেশের আল সালিম এলাকায় চারটি বিমান হামলা চালিয়েছে। মার্কিন প্রশাসন হুঁশিয়ারি দিয়েছে, লোহিত সাগরে চলাচল করা জাহাজে হুতিরা হামলা বন্ধ না করা পর্যন্ত সামরিক অভিযান চলবে। হুতিদের বক্তব্য, তারা গাজায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়ে জাহাজে হামলা চালাচ্ছে। ইজরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করলেই তারা হামলা বন্ধ করবে। ২০২৩ সালের নভেম্বর থেকে হুতিরা ১০০টিরও বেশি জাহাজে হামলা চালিয়েছে। হুতিদের দাবি, গাজা যুদ্ধের প্রতিক্রিয়ায় তারা এই হামলা চালিয়েছে।
হুতিদের হামলার ফলে সুয়েজ খাল হয়ে আন্তর্জাতিক পণ্য পরিবহন কার্যত বন্ধ। এই খাল দিয়ে সাধারণত বিশ্বের প্রায় ১২ শতাংশ বাণিজ্যিক জাহাজ চলাচল হয়ে থাকে। হুতিদের হামলার পর থেকে জাহাজগুলিকে দক্ষিণ আফ্রিকার কেপ অব গুড হোপ ঘুরে যাতায়াত করতে হচ্ছে। চলতি বছরের শুরুতে গাজায় দুই মাসের যুদ্ধবিরতির সময় হুতিরা এই হামলা বন্ধ রাখে। ইজরায়েল আবার গাজায় আক্রমণ শুরু করলে হুতিরাও জাহাজে হামলা শুরু করেছে।
❤ Support Us








