Advertisement
  • দে । শ
  • আগস্ট ৩, ২০২৬

অসম সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, ‌জম্মু ও কাশ্মীরে আটক ২১ জন বাংলাদেশি নাগরিক

আরম্ভ ওয়েব ডেস্ক
অসম সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ, ‌জম্মু ও কাশ্মীরে আটক ২১ জন বাংলাদেশি নাগরিক

গত কয়েকবছর ধরে বাংলাদেশের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করেছে ভারত। দিল্লি, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, অসম, ত্রিপুরা থেকে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করে সেদেশে ফেরত পাঠানো হয়েছে। এরই মধ্যে, জম্মু ও কাশ্মীরের রামবান জেলার বানিহালে তল্লাশি চালিয়ে পুলিশ ২১ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে। আটক হওয়াদের মধ্যে পুরুষ, মহিলা ও নাবালক শিশুও রয়েছে। তাঁদের কারও কাছেই ভারতে প্রবেশের কোনোও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি।

রবিবার রামবান জেলার বানিহালে নিয়মিত তল্লাশি অভিযান চালাচ্ছিল জম্মু ও কাশ্মীর পুলিশ। সে সময় এই বাংলাদেশি নাগরিকরা ধরে পড়েন। তাঁদের কাছে ভারতে আসার কাগজপত্র দেখতে চাওয়া হয়েছিল। কিন্তু তাঁরা কেউই বৈধ পাসপোর্ট, ভিসা বা অন্য কোনো পরিচয়পত্র বা ভ্রমণ নথি দেখাতে পারেনি। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ নিশ্চিত হয় যে, তাঁরা অবৈধভাবে ভারতে প্রবেশ করছিল। এরপরই পুলিশ তাঁদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক হওয়া ব্যক্তিরা পুলিশকে জানায় যে, তাঁরা অসম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।  তাঁরা নিউ জলপাইগুড়ি, কাটিহার, বারৌনি, মুঘলসরাই, লখনউ, কানপুর, দিল্লি হয়ে জম্মুর তাওয়ি পৌঁছন। সেখান থেকে সড়কপথে কাশ্মীরের দিকে যাচ্ছিলেন।

পুলিশি তদন্তে জানা গেছে, আটক হওয়া ২১ জনই বাংলাদেশের সিলেট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাঁদের ভারতে অবৈধভাবে প্রবেশের পথ, সহায়তাকারী ও পরিস্থিতি নির্ণয়ের জন্য পুলিশ আইনি ব্যবস্থা গ্রহণ করেছে, তদন্ত চালাচ্ছে। এই ব্যক্তিরা ভারতে প্রবেশের জন্য কোন পথ ব্যবহার করেছিল, কারা তাঁদের সহায়তা করেছিল, পুলিশ এখন তা তদন্ত করছে। তদন্তের পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

আটক হওয়া ব্যক্তিরা হলেন ইমরান আহমেদ (১৮), মুস্তাকিম আহমেদ (১৫), সুহাগ আহমেদ (১৭), রুবিয়া বেগম (২২), জহির আহমেদ (০৩), জাহিন আহমেদ (০৭), লিসা বেগম (২০), ফাতিমা (০৬), মোহাম্মদ ফাহিম (০২), আকলিমা বেগম (১৮)। এরা সবাই বাংলাদেশের সিলেট, রানিগঞ্জ ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা। মোহাম্মদ আলাউদ্দিন (৩৮), মোহাম্মদ আয়াজ আলী (৩২) এবং সুহেল আহমেদ (২৮) বাংলাদেশের সিলেট জেলার সুনামগঞ্জের সৈয়দগাঁওয়ের বাসিন্দা। রহিমুদ্দিন (২৩), মোহাম্মদ আলমগীর (১৯) ও রেহান আহমেদ (১৪) সিলেট জেলার সুনামগঞ্জের সৈয়দপুরের বাসিন্দা। কেভসার আহমেদ (২৬), রাজুল করিম (২২) দুজনেই পশ্চিম রুকুনপুরের বাসিন্দা। রাসিল আহমেদ (২৯), সাহাজউদ্দিন আহমেদ (১৯), সাবির (১৯) সিলেটের বাসিন্দা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!