Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • জুলাই ৯, ২০২৫

তিন যাত্রাশিল্পীকে সংবর্ধনা

আরম্ভ ওয়েব ডেস্ক
তিন যাত্রাশিল্পীকে সংবর্ধনা

বাংলার সনাতন সংস্কৃতি যাত্রাপালাকে বাঁচিয়ে রাখা ও উৎসাহ দানের উদ্যোগ। নিখাদ যাত্রাপ্রেমী বধূ অনিমা মুখোপাধ্যায়ের স্মৃতিতে অপেশাদার তিন যাত্রাশিল্পীকে পুরস্কৃত করা হল। অনিমা দেবীর সংস্কৃতিপ্রাণ সন্তান ও লোকসংস্কৃতি গবেষক প্রদীপ মুখোপাধ্যায় বললেন, ‘আমার মা ছিলেন যাত্রা-অন্ত প্রাণ। গৃহবধূ হয়েও মা বিভিন্নভাবে শখের যাত্রার পৃষ্ঠপোষক ছিলেন। তাই মায়ের স্মৃতিতে পুরস্কার চালু করলাম। প্রত্যেক বছর এই পুরস্কারের মাধ্যমে গ্রামীণ যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখার সামান্য প্রয়াস আমার।’ স্থানীয় দাউড়াডাঙ্গা গ্রামে যাত্রাপালার মঞ্চ থেকে ‘অন্ধ গলির বন্দী পাখি’ যাত্রাপালার তিন নজরকাড়া অভিনেতা সুমন চট্টোপাধ্যায়, সুমন্ত চট্টোপাধ্যায় ও রঘুনাথ সরকারের হাতে ‘অনিমা মুখোপাধ্যায় স্মৃতি পুরস্কার’ তুলে দেওয়া হল। পুরস্কৃতদের উপলব্ধি, ‘এই সম্মান যাত্রাশিল্প ও শিল্পীদের অনুপ্রেরণা জোগাবে।’ এহেন যাত্রাপ্রেমী উদ্যোগের পাশে দাঁড়িয়েছে ‘আমরা যাত্রা ভালবাসি’ নামে একটি সংস্থা। সংস্থার তরফে মৃন্ময় চক্রবর্তী বললেন, ‘শখের যাত্রার সুদিন ফেরানোর লক্ষ্যে এমন উদ্যোগ খুবই কার্যকর বলে মনে করি।’
জানা গেল, দীর্ঘ কয়েক দশক ধরে ধর্মরাজ পুজো উপলক্ষে যাত্রানুষ্ঠানের আয়োজন করা হয় দাউড়াডাঙ্গা গ্রামে। প্রায় তিন মাস আগে থেকে ধর্মরাজ মন্দির চত্বরে চলে মহড়া। পুরস্কারদাতা লোকসংস্কৃতি গবেষক প্রদীপবাবুর সঙ্গে কথা বলে জানা গেল, কয়েক দশক আগে পর্যন্ত গ্রামেগঞ্জে নিয়মিত যাত্রাপালা হত। গ্রামের চন্ডীমন্ডপে বা আটচালায় যাত্রাপালার আয়োজন হত। তখন গ্রামের মানুষের কাছে সেটাই ছিল অন্যতম বিনোদনের মাধ্যম। কিন্তু ধীরে ধীরে সেই সংস্কৃতিটাই হারিয়ে যেতে বসেছে। গ্রামে অপেশাদার শিল্পীর সংখ্যাও দিন দিন কমছে। এরই মধ্যে কিছু মানুষ নানান প্রতিকূলতা সত্ত্বেও সংস্কৃতিটা টিকিয়ে রেখেছেন। বর্তমান রাজ্য সরকারও যাত্রাসংস্কৃতির প্রসারে নানা উদ্যোগ নিচ্ছে বলেও উল্লেখ করেন প্রদীপবাবু। উল্লেখ্য যে, প্রদীপবাবুর বাবা নীরদবরণ মুখোপাধ্যায় প্রায় ৪০ বছর ধরে যাত্রাপালায় অভিনয় করেছেন। নির্দেশনাও দেন। তাঁর অভিনীত যাত্রাগুলির মধ্যে উল্লেখ্যোগ্য হল ‘রাধার নিয়তি’, ‘একটি পয়সা’, ‘গরিব কেন মরে’, ‘অভাগীর কান্না’, ‘এ পৃথিবী টাকার গোলাম’, ‘শেষ পরাজয়’, ‘অভাগিনী মা’ প্রভৃতি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!