- এই মুহূর্তে
- নভেম্বর ২, ২০২৬
নেপালে ট্রেকিং করতে গিয়ে নিখোঁজ ৬ পর্যটক, উদ্ধার অভিযান শুরু সেনাবাহিনীর
নেপালের হিমালয় অঞ্চলে শে-ফোকসুন্দো হ্রদে ট্রেকিং করতে গিয়ে ভারী তুষারপাতের মধ্যে পড়ে ৬ জন ভারতীয় পর্যটক নিখোঁজ হয়েছেন। তাঁদের মধ্যে ২ জন মহিলা ও ৬ জন পুরুষ রয়েছেন। সকল পর্যটকই নেপালের অন্যতম গভীরতম হ্রদ শে-ফোকসুন্দোর দিকে ট্রেকিং করছিলেন। পর্যটকরা ডলপো বুদ্ধ গ্রামীণ পৌরসভার চার ও আট নম্বর ওয়ার্ড থেকে হ্রদটির দিকে যাচ্ছিলেন। শে-ফোকসুন্দো গ্রামীণ পৌরসভার চার ও আট নম্বর ওয়ার্ডের মধ্যবর্তী নুমলা পাস এবং বাগলা পাস এলাকায় তাদের শেষবার দেখা গিয়েছিল। এরপর তাঁরা ভারী তুষারপাতের মধ্যে পড়েন। স্থানীয় প্রশাসন ও নেপালি সেনাবাহিনী একটি উদ্ধার অভিযান শুরু করেছে।
স্থানীয় গাইডরা আশঙ্কা করছেন যে, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় অর্ণবের কারণে হওয়া ভারী তুষারপাতে পর্যটকরা পাহাড়ে আটকা পড়েছেন। খারাপ আবহাওয়া এবং গিরিপথের বিপজ্জনক পরিস্থিতির কারণে স্থানীয়রা এই ৬ ভারতীয় পর্যটককে আর সামনে না এগোনোর জন্য সতর্ক করেছিলেন। তা সত্ত্বেও, পর্যটকরা এগিয়ে যান। উঁচু এলাকা থেকে ফেরার পথে তাঁরা বরফের মধ্যে আটকে পড়েন। ডোলপার প্রধান জেলা কর্মকর্তা জুনু হামাল জানান, ফোকসুন্দো হ্রদে ফেরার পথে পর্যটকরা আটকা পড়েন। তিনি বলেন, সামনে এগিয়ে যাওয়ার সময় স্থানীয়রা তাঁদের আবহাওয়া এবং পাহাড়ি পথের কঠিন পরিস্থিতি সম্পর্কে সতর্ক করেছিলেন।
শে-ফোকসুন্দো গ্রামীণ পৌরসভার চেয়ারম্যান ধাওয়া সামদুক গুরুং ব্যাখ্যা করেছেন যে, পার্বত্য গিরিপথগুলিতে মোবাইল নেটওয়ার্ক না থাকায় নিখোঁজ পর্যটকদের সঙ্গে যোগাযোগ করা কঠিন হয়ে পড়েছে। তাঁর মতে, ৪ থেকে ৮ নম্বর ওয়ার্ডের মধ্যে কোনও মোবাইল ফোন পরিষেবা নেই। ফলে, পর্যটকদের বর্তমান অবস্থা ও অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহ করা কঠিন কাজ হয়ে দাঁড়িয়েছে।
নিখোঁজ পর্যটকদের সন্ধানে প্রশাসন উদ্ধার অভিযান শুরু করেছে। তবে, উচ্চ পার্বত্য অঞ্চলে ভারী তুষারপাত এবং খারাপ আবহাওয়ায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। ডোলপার ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অনিল রাজ গিরি বলেছেন, সর্বশেষ তথ্য অনুযায়ী, ৬ জন ভারতীয় পর্যটকের কারোর সঙ্গেই যোগাযোগ করা যায়নি। তিনি বলেন, প্রশাসন উদ্ধার অভিযানে সহায়তার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করতে সংশ্লিষ্ট সংস্থাকে অনুরোধ করেছে।
নিখোঁজ পর্যটকদের খুঁজে বের করতে ও উদ্ধার করতে নেপালি সেনাবাহিনীর একটা দলও মোতায়েন করা হয়েছে। মোবাইল নেটওয়ার্ক সংযোগের অভাব, ভারী তুষারপাত এবং দুর্গম পাহাড়ি ভূখণ্ডের কারণে উদ্ধারকারী দলগুলির পক্ষে পর্যটকদের সঠিক অবস্থান শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।
জেলা প্রশাসন দপ্তর সূত্রে জানা গেছে, আপার ডোলপায় ২৪৪ জন পর্যটক এসেছেন। এদের মধ্যে রয়েছেন ১৪৯ জন নেপালি নাগরিক, ৪৪ জন সার্কভুক্ত দেশের এবং ৫১ জন অন্যান্য দেশের পর্যটক। আবহাওয়ার অবনতির পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসন পর্যটকদের ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে।
❤ Support Us








