- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ১৯, ২০২৩
৯ রাজ্যে চাঁদি ফাটা রোদ, হিমাচলে বরফ ঝড়ছে
চিত্র: সংবাদ সংস্থা
রবির প্রকোপে নাজেহাল অবস্থা। এপ্রিল মাস থেকেই গরম ক্রমাগত বাড়ছে। চলতি মাসে গরম কমার আশার বার্তা এখনো দিতে পারেনি হাওয়া অফিস। বরং জানিয়েছে আগামী জুন মাস পর্যন্ত পরিস্থিতি এমনই থাকবে।
আবহাওয়া দফতর জানিয়েছে, চলতি মাস থেকে জুন পর্যন্ত মধ্য ভারত, পূর্ব এবং উত্তর – পশ্চিম ভারতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশিই থাকব। দেশের যে রাজ্যগুলিতে তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে, সেই তালিকায় নাম রয়েছে পশ্চিমবঙ্গেরও। এছাড়া অন্য রাজ্যগুলো হল বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, গুজরাট, পঞ্জাব, মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং হরিয়ানা।উত্তর- পশ্চিম ভারতের কিছু এলাকায় তাপমাত্রা স্বাভাবিক অথবা স্বাভাবিকের থেকে কিছুটা কম থাকবে।
এই গরমে বঙ্গবাসীর অবস্থা নাজেহাল। আবহাওয়া দফতর সূত্রের খবর, পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই তাপপ্রবাহ চলছে।বাঁকুড়ায় তাপমাত্রা গিয়ে পৌঁছেছে ৪৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া পূর্ব বর্ধমানের পানাগড়ে তাপমাত্রা এখন ৪৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকার নির্দেশ দিয়েছে, সর্বত্র যেন পানীয় জলের পর্যাপ্ত সরবরাহ থাকে।
রাজধানী দিল্লিতেও অসহ্য গরম। আবহাওয়া দফতরের পূর্বাভাস, তাপমাত্রা বেড়ে ৪১ সেলসিয়াসে গিয়ে দাঁড়াতে পারে। তবে দিল্লিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি নামলে রাজধানীর বাসিন্দারা খানিক রেহাই পাবেন, তা বলাবাহুল্য।
প্রায় সারা দেশ তীব্র গরমে নাজেহাল হলেও হিমাচলপ্রদেশ সুখবর শুনিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, হিমাচলপ্রদেশের একাংশে বৃষ্টিপাত হচ্ছে। গোটা দেশ গরমে কাহিল হলেও হিমাচলপ্রদেশে তুষারপাত হচ্ছে। সিমলায় আকাশ মেঘাবৃত। হিমাচলপ্রদেশের নানা এলাকায় ১৫ দশমিক ৫ মিলিমিটার থেকে ৩৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়া কোথাও কোথাও তুষারপাতের খবরও মিলেছে, যার জেরে তাপমাত্রা এখন মাইনাস এক ডিগ্রি সেলসিয়াসে এসে ঠেকেছে।
❤ Support Us







