- স | হ | জ | পা | ঠ
- এপ্রিল ২৫, ২০২৩
বিশ্বের গভীরতম বিস্ময়। ৯০০ ফুটের অতল গহ্বরে প্রাণের খোঁজে বিজ্ঞানীরা
চিত্র : সংবাদ সংস্থা
আলোচনার কেন্দ্রে বিশ্বের দ্বিতীয় গভীরতম নীল গহ্বর। মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের উপকূলে অবস্থিত প্রকৃতির অত্যাশ্চর্য বিশালাকার এ গর্ত স্থানীয় ভাষায় ‘তাম জা’ নামে পরিচিত। যার অর্থ গভীর জল। এটি প্রায় ৯০০ ফুট গভীর এবং এর আয়তন ১, ৪৭০০০ বর্গফুট। শীর্ষে রয়েছে দক্ষিণ চিন সাগরের ড্রাগন হোল।
২০২১ সালেই সমুদ্র বিজ্ঞানীরা চেতুমালে উপসাগরে গহ্বরটির সন্ধান পেয়েছিলেন। কিন্তু সম্প্রতি বহু চর্চিত আন্তর্জাতিক একটি বিজ্ঞান পত্রিকায় প্রকৃতির এ অপার বিস্ময় নিয়ে লেখালেখি শুরু হয়েছে। এ ব্যাপারে সবিস্তারে তথ্য প্রকাশ করেছেন গবেষকরা। সেখানে এত বিশালাকার গর্ত কীভাবে সৃষ্টি হল তার ব্যাখ্যা তাঁরা দিয়েছেন। জানা যাচ্ছে, উপকূলীয় এলাকায় চুনাপাথরের পরিমাণ বেশি। সমুদ্রের নীচেও রয়েছে সেই এক উপাদান। জলের সংস্পর্শে পাথর ক্ষয়ে যাওয়ার কারণে ধীরে ধীরে বিশাল গহ্বরের চেহারা নিয়েছে। এখানে জলের রং গাঢ় নীল এবং কালচে। মূলত এক ধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতির জন্য এমন অবস্থা। আকাশ থেকে দেখলে মনে হবে যেন একটি সাধারণ জলাভূমি। এখানে কোনও অক্সিজেন নেই। তা ছাড়া সূর্যের আলো জল ভেদ করে গহ্বরের গভীরে পৌঁছতে পারে না। অক্সিজেনবিহীন এই গহ্বরের নীচে কোনও প্রাণ রয়েছে কি না, সে ব্যাপারে সন্ধান চালাচ্ছেন বিজ্ঞানীরা।
❤ Support Us








