Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২৯, ২০২৩

চাহালকে দলে না রাখার মাশুল দিতে হতে পারে ভারতকে, মনে করছেন যুবরাজ

আরম্ভ ওয়েব ডেস্ক
চাহালকে দলে না রাখার মাশুল দিতে হতে পারে ভারতকে, মনে করছেন যুবরাজ

ভারতের বিশ্বকাপ দল গঠনে ভুল আছে?‌ এমনই মনে করছেন বিশ্বকাপজয়ী দলের সদস্য যুবরাজ সিং। তাঁর মতে রিস্ট স্পিনার যুজবেন্দ্র চাহাল অথবা স্পিনার অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরের মধ্যে একজনকে দলে রাখা প্রয়োজন ছিল। বিশেষ করে চাহাল দেশের মাঠে দারুণ কার্যকরী হতেন বলে মনে করছেন ২০১১ বিশ্বকাপের সেরা ক্রিকেটার যুবরাজ। টিম ম্যানেজমেন্টের এই ভুলের মাশুল দলকে দিতে হতে পারে বলেও জানিয়েছেন তিনি।
শেষ মুহূর্তে চূড়ান্ত দলে একটাই পরিবর্তন করেছে ভারত। চোটের কারণে ছিটকে গেছেন অলরাউন্ডার অক্ষর প্যাটেল। তাঁর জায়গায় রবিচন্দ্রন অশ্বিনকে দলে নিয়েছে ভারত। বৃহস্পতিবার অক্ষরের পরিবর্ত হিসেবে অশ্বিনের নাম ঘোষণা করেছে আইসিসি। চাহালের সুযোগ না প্রসঙ্গে যুবরাজ, ‘‌আমাদের দলে দারুণ ভারসাম্য আছে। তবে একটা কথা বলব, যেহেতু ভারতে বিশ্বকাপ হচ্ছে, এখানকার উইকেটে বল ঘোরে, সেক্ষেত্রে যুজবেন্দ্র চাহালকে দলে রাখা উচিত ছিল। দলটায় লেগ স্পিনার নেই। চাহালকে বাইরে রাখলেও সেক্ষেত্রে দলে ওয়াশিংটন সুন্দরকে দেখতে চেয়েছিলাম। টিম ম্যানেজমেন্ট হয়তো একজন অভিজ্ঞ স্পিনার চেয়েছিল,তাই অশ্বিনকে নেওয়া হয়েছে।’‌
যুবরাজ আরও বলেন, ‘চাহালকে বাইরে রাখাটা দলের কাছে চিন্তার কারণ হয়ে উঠতে পারে। উইকেট তোলার ব্যাপারে লেগ স্পিনাররা দারুণ কার্যকরী ভূমিকা নেয়। কুলদীপ যাদব ভাল বোলিং করছে ঠিকই, তবে মন্থর বা ঘূর্ণি উইকেটে বল হাতে চাহালের বিপজ্জনক হয়ে উঠার ক্ষমতা রয়েছে।’‌ হার্দিক পান্ডিয়া যেহেতু তৃতীয় সিমারের ভূমিকা পালন করছেন, চাহালকে দলে রাখা যেত বলে মনে করছেন যুবরাজ।
২০১১ বিশ্বকাপে জাহির খান যে ভূমিকা পালন করেছিলেন, এবারের বিশ্বকাপে যশপ্রীত বুমরা সেই ভূমিকা নেবেন। এমনই ধারণা যুবরাজের। তিনি বলেন, ‘যশপ্রীত বুমরার প্রত্যাবর্তন ভাল দিক। যখন মাঠের বাইরে ছিল, বোলিং বিভাগে কিছু একটার অভাব মনে হচ্ছিল। ২০১১ সালে জাহির খান যে ভূমিকা নিয়েছিল, এবার সেই দায়িত্ব পালন করবে বুমরা। ও ম্যাচ উইনার। দলের মূল্যবান সম্পদ। যে কোনও পরিস্থিতিতে ম্যাচ জেতাতে পারে।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!