- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২২, ২০২৬
ইংল্যান্ড সফরে শর্তসাপেক্ষে দলে কোহলি, ফিরলেন বুমরা, হর্ষিত রানা
ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে দলে ফিরলেন বিরাট কোহলি। ফেরানো হয়েছে জোরে বোলার যশপ্রীত বুমরাকেও। রয়েছেন রোহিত শর্মাও। তবে আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি করা সত্ত্বেও দলে রাখা হয়নি যশস্বী জয়সওয়ালকে। নেতৃত্বে শুভমান গিল এবং সহ–অধিনায়কের দায়িত্ব পালন করবেন শ্রেয়াস আয়ার। দলে রাখা হয়েছে উইকেটকিপার–ব্যাটসম্যান ঈশান কিষাণ ও লোকেশ রাহুলকে। এবারও ব্রাত্য ঋষভ পন্থ।
হ্যামস্ট্রিংয়ে চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে খেলেননি বিরাট কোহলি। আইপিএলের ফাইনালে চোট পেয়েছিলেন। ফিট না হওয়ায় আফগানিস্তান সিরিজ থেকে নিজেকে সরিয়ে নেন। তখনই প্রশ্ন উঠেছিল, ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে কি তিনি খেলবেন ? নির্বাচকরা অবশ্য তাঁকে শর্তসাপেক্ষে দলে রেখেছেন। যদি তিনি ফিট হন, তাহলেই ইংল্যান্ড সফরে যাবেন। কোহলি দলে ফেরায় আফগানিস্তানের বিরুদ্ধে খেলা যশস্বী জয়সওয়াল ইংল্যান্ডগামী দল থেকে বাদ পড়েছেন। চেন্নাইয়ে আফগানিস্তানের বিরুদ্ধে তৃতীয় ও শেষ একদিনের ম্যাচে ১১০ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন যশস্বী।
দলে ফিরলেও বিরাট কোহলিকে ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁর খেলাটা পুরোপুরি নির্ভর করছে ফিটনেস টেস্টের ফলাফলের ওপর। কোহলির ফিটনেস টেস্ট অনুষ্ঠিত হবে ২২ জুন বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সিলেন্সে। বিরাট কোহলির পাশাপাশি যশপ্রীত বুমরাও ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের দলে ফিরেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের সিরিজে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। ইংল্যান্ড সিরিজে খেলার জন্য সেন্টার অফ এক্সিলেন্স থেকে ছাড়পত্র পেয়েছেন বুমরা।
বুমরাহর পাশাপাশি হর্ষিত রানাও দীর্ঘ চোট সারিয়ে দলে ফিরেছেন। অর্শদীপ সিং, গুরনুর ব্রার এবং প্রসিদ্ধ কৃষ্ণ নিজেদের জায়গা ধরে রেখেছেন। আফগানিস্তানের বিরুদ্ধে এই তিন জোরে বোলার দারুণ বোলিং করেছিলেন। তবে জায়গা হয়নি মহম্মদ সিরাজের।
ইংল্যান্ড সফরের জন্য ভারতের ঘোষিত দল:
রোহিত শর্মা, শুভমান গিল (অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, ঈশান কিষান, কেএল রাহুল, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যশপ্রীত বুমরা, অর্শদীপ সিং, গুরনুর ব্রার, হর্ষিত রানা এবং প্রসিদ্ধ কৃষ্ণ।
❤ Support Us








