Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • এপ্রিল ২৩, ২০২৬

বাইক চলাচল বন্ধের সিদ্ধান্তে কমিশনকে ভর্ৎসনা, শুক্রবারের মধ্যে হলফনামা তলব হাইকোর্টের

আরম্ভ ওয়েব ডেস্ক
বাইক চলাচল বন্ধের সিদ্ধান্তে কমিশনকে ভর্ৎসনা, শুক্রবারের মধ্যে হলফনামা তলব হাইকোর্টের

ভোটের তিন দিন আগে থেকেই রাস্তায় মোটরবাইক চলাচলে নিয়ন্ত্রণ আরোপ করেছিল নির্বাচন কমিশন, যা রাজ্যের নির্বাচনে কার্যত ‘নজিরবিহীন’ বলে বিভিন্ন মহলে দাবি ওঠে। এই নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে নির্বাচন কমিশনকে কড়া ভর্ৎসনা করে হাইকোর্ট।

শুনানির সময় বিচারপতি কৃষ্ণা রাও কমিশনের আইনজীবীকে প্রশ্ন করেন, “আপনাদের কর্তৃপক্ষ কেন জরুরি অবস্থা ঘোষণা করছেন না ? দু’দিন আগে থেকে ইমার্জেন্সি ঘোষণা করে ভোট করানো হোক। তা হলে অন্তত মানতে হবে যে কর্তৃপক্ষ ব্যর্থ।” তিনি আরও বলেন, এই ধরনের পদক্ষেপ সাধারণ নাগরিকের অধিকার খর্ব করে এবং তা গ্রহণযোগ্য নয়।

মোটরবাইক চলাচল ভোটে কীভাবে বিঘ্ন ঘটিয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য জানতে চায় আদালত। বিচারপতির প্রশ্ন, গত পাঁচ বছরে কতগুলি বাইকের বিরুদ্ধে FIR হয়েছে এবং কোথায় কোথায় বাইক বাহিনীর গোলমালের নজির রয়েছে। তাঁর মতে, ভোটের দু’দিন আগে থেকে সব কিছু স্তব্ধ করে দেওয়ার মতো সিদ্ধান্ত আসলে প্রশাসনের ব্যর্থতা ঢাকার চেষ্টা।

এছাড়া বিচারপতি মন্তব্য করেন, নির্বাচন কমিশন তাদের ক্ষমতার অপব্যবহার করছে। “ভোটের সময়ে আপনাদের এক্তিয়ার আছে বলে যা খুশি করা যায় না। অন্য কোনো রাজ্যে এমন নির্দেশ দেওয়া হয়েছে কি না, তা দেখান,”—বলেন তিনি।

আদালত জানায়, ভোটের ২৪ ঘণ্টা আগে বাইক চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে, কিন্তু ৭২ ঘণ্টা আগে থেকে তা বন্ধ করা যুক্তিসঙ্গত নয়। এই বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে নির্বাচন কমিশনকে শুক্রবারের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সেই হলফনামায় জানাতে হবে, কেন তিন দিন আগে থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল এবং অতীতে এরকম কোনো খারাপ নজির রয়েছে কি না।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!