- এই মুহূর্তে দে । শ
- মে ৫, ২০২৬
বঙ্গজয়ের পর পদ্মশিবিরের মুখ্যমন্ত্রী বাছাইয়ে নজিরবিহীন পদক্ষেপ । কলকাতায় বৈঠকে শাহ, মাঝি
বঙ্গজয়ের পর সরকার গঠনের প্রস্তুতিতে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিল বিজেপি । প্রচলিত রীতি ভেঙে পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রী নির্বাচন প্রক্রিয়ায় সরাসরি অংশ নিতে কলকাতায় আসছেন অমিত শাহ । দলীয় সূত্রে খবর, মঙ্গলবার রাত অথবা বুধবার সকালে তাঁর রাজ্যে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে ।
এই সফরে তিনি জয়ী বিধায়ক এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন । তাঁর সঙ্গে উপস্থিত থাকবেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি, যিনি সহ-পর্যবেক্ষকের দায়িত্ব পেয়েছেন । বৈঠকের পরই নির্ধারিত হবে পরিষদীয় দলনেতা, অর্থাৎ ভবিষ্যৎ মুখ্যমন্ত্রী ।
আগামী ৯ মে নতুন বিজেপি সরকারের শপথগ্রহণের দিন নির্ধারিত হয়েছে । ওইদিন রাজ্যে আসার কথা আগেই ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তার আগেই মুখ্যমন্ত্রী নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে চায় দল ।
সাধারণত কোনো রাজ্যে গিয়ে পরিষদীয় দলনেতা নির্বাচনে সরাসরি অংশ নেন না অমিত শাহ । কিন্তু বাংলার ক্ষেত্রে করা হয়েছে ব্যতিক্রম । বঙ্গ রাজনীতির গুরুত্ব বিবেচনা করেই তাঁকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে । সহ-পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহনচরণ মাঝি ।
মুখ্যমন্ত্রী পদে সম্ভাব্য নাম হিসেবে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী । কারণ, তিনি নন্দীগ্রাম ও ভবানীপুর — দুই কেন্দ্রেই উল্লেখযোগ্য ব্যবধানে জয় পেয়েছেন । তবে প্রতিযোগিতায় রয়েছেন আরও কয়েকজন নেতা ।
২০২৬-এর এই বঙ্গজয়ের নেপথ্যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে অমিত শাহর ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ । নির্বাচনের সময় তিনি প্রায় প্রতিটি বিধানসভা কেন্দ্রে সভা করেছেন, নিয়মিত রাজ্যে এসে দলীয় কৌশল নির্ধারণ করেছেন এবং নেতৃত্বের সঙ্গে একাধিক বৈঠক করেছেন । শেষ দফার ভোটের আগেও টানা কয়েকদিন তিনি বাংলায় অবস্থান করেছিলেন ।
এই সুসংগঠিত কৌশল এবং ধারাবাহিক প্রচেষ্টার ফলেই এসেছে এই বড় জয়। তাই বাংলায় সরকার গঠনের চূড়ান্ত দায়িত্বও তাঁর হাতেই তুলে দিয়েছে দলের শীর্ষ নেতৃত্ব ।
❤ Support Us








