- এই মুহূর্তে দে । শ
- মে ৬, ২০২৬
প্রতিশোধ নয়, শান্তি বজায় রাখুন, নন্দীগ্রামে বার্তা শুভেন্দুর
নন্দীগ্রামে গিয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দলীয় কর্মী-সমর্থকদের শান্তি বজায় রাখার আহ্বান জানালেন। বুধবার সকালে নন্দীগ্রাম ও ভবানীপুরের বিধায়ক বলেন, আগের সরকারের সময়কার সমস্ত মামলা আইন অনুযায়ী পুনরায় খোলা হবে এবং সেই ভিত্তিতেই পদক্ষেপ নেওয়া হবে। তিনি পূর্বতন তৃণমূল সরকারকে কটাক্ষ করে বলেন, “ওরা অনেক অত্যাচার করেছে, কিন্তু কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না—শান্তি বজায় রাখতে হবে।”
২০১৬, ২০২১ এবং ২০২৬—পরপর তিনবার নন্দীগ্রামের মানুষের সমর্থন পেয়েছেন শুভেন্দু অধিকারী। এবারের নির্বাচনে ৯ হাজারের বেশি ভোটে জয়ী হয়ে তিনি আবারও নিজের শক্ত ঘাঁটি ধরে রেখেছেন। বুধবার সকালে নন্দীগ্রামে পৌঁছতেই জনজোয়ারে ভেসে যান তিনি। আবেগঘন ভাষণে বলেন, “নন্দীগ্রামের ঋণ আমি শোধ করবই।”
এদিন তিনি আরও বলেন, “বিজেপি আগামী ১০০ বছর ক্ষমতায় থাকবে।” একইসঙ্গে দলীয় কর্মীদের উদ্দেশে স্পষ্ট বার্তা দেন—হিংসা থেকে দূরে থাকতে হবে এবং সব পদক্ষেপ আইনি পথেই নেওয়া হবে।
২০২৬ সালের নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর—দুটি গুরুত্বপূর্ণ আসন থেকেই লড়েছিলেন শুভেন্দু এবং উভয় ক্ষেত্রেই জয়লাভ করেছেন। ফল ঘোষণার পরদিন তিনি ভবানীপুরে গিয়ে কর্মী-সমর্থকদের সঙ্গে উদযাপনে অংশ নেন। এরপর বুধবার সকালে নিজের রাজনৈতিক ঘাঁটি নন্দীগ্রামে পৌঁছে বজরংবলির মন্দিরে পুজো দেন এবং স্থানীয় মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন।
এদিন নন্দীগ্রামের মানুষের পক্ষ থেকে তাঁকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চাওয়ার দাবিও ওঠে। তিনি তাঁর সহযোদ্ধা ও শহিদ পরিবারগুলোর প্রতি কৃতজ্ঞতা জানান এবং নন্দীগ্রামের উন্নয়নের প্রতিশ্রুতি দেন।
দুটি আসনে জয়ী হওয়ায় নিয়ম অনুযায়ী একটি আসন ছাড়তে হবে তাঁকে। এ প্রসঙ্গে তিনি বলেন, “কোন আসন ছাড়ব, তা দল ঠিক করবে। তবে নন্দীগ্রাম হোক বা ভবানীপুর—আমি সবসময় আপনাদের পাশে আছি এবং দায়িত্ব পালন করতে কখনও ভুল করি না।”
শেষে দৃঢ়ভাবে তিনি জানান, “আমি ছিলাম, আছি, থাকব”—এবং পুনরায় জোর দিয়ে বলেন, “বাংলায় আগামী ১০০ বছর বিজেপিই শাসন করবে।”
❤ Support Us







