- এই মুহূর্তে দে । শ
- মে ১৫, ২০২৬
কালনায় জোড়া হাসপাতাল পরিদর্শন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের
কালনা মহকুমা হাসপাতাল ও কালনা সুপার স্পেশ্যালিটি হাসপাতালে তিন দিন ধরে পরিদর্শন এনকিউএএস (ন্যাশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্ট্যান্ডার্ড)-র প্রতিনিধিদলের। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের এই সংস্থার ২ প্রতিনিধি বিকাশরঞ্জনদত্ত ও অখিলেশ কুমার রানা হাসপাতাল দুটির প্রসূতি বিভাগ, মেডিসিন, শিশু বিভাগ, অস্ত্রোপচার কক্ষ, প্রসূতি বিভাগ, প্যাথলজি ল্যাবরেটরি ঘুরে ঘুরে দেখেন। কথা বলেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, রোগী, রোগীর আত্মীয়স্বজনদের সঙ্গে। জেনে নেন, চিকিৎসা পরিষেবা ও খাবারের মান কেমন, চিকিৎসার খরচ, চিকিৎসকদের ব্যবহার ও চিকিৎসার ধরন সম্পর্কে।
সংবাদমাধ্যমের সামনে মুখ না খুললেও জানা গেল, হাসপাতাল দুটির পরিকাঠামো ও পরিষেবার মানোন্নয়নে বেশকিছু পরামর্শ দিয়েছে প্রতিনিধিদল।
এর আগে ২০২২ সালে এই সংস্থা কালনার এই দুটি হাসপাতাল পরিদর্শনের পর পরিকাঠামোর উন্নতিতে ৩৭ লক্ষ টাকা অর্থসাহায্য করে। হাসপাতালের সহকারী সুপার শামিম মল্লিক বলেন, ‘কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিদল হাসপাতালের চিকিৎসা পরিষেবা ও আনুষঙ্গিক বিষয়গুলি সম্পর্কে সন্তোষ প্রকাশ করেছেন। বেশকিছু পরামর্শ দিয়েছেন। সেগুলি মানা হবে।’ পরিদর্শনের পর হাসপাতালদুটির মানোন্নয়নে এনকিউএনএস নামে ওই সংস্থা মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করবে বলে আশাবাদী হাসপাতাল কর্তৃপক্ষ।
❤ Support Us





