- এই মুহূর্তে দে । শ
- মে ১৮, ২০২৬
অধরা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল, পুত্র অর্ঘ্য-সহ গ্রেফতার ৫
দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে এখনও খুঁজে চলেছে পুলিশ। বিরোধী দলগুলির কর্মী-সমর্থকদের উদ্দেশে হুমকিসুলভ মন্তব্য করার অভিযোগে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ বিধায়কের খোঁজে তৎপর হলেও এখনও তাঁর সন্ধান মেলেনি।
এদিকে, রবিবার রাতে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) এবং ডায়মন্ড হারবার জেলা পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে বিধায়কের পুত্র অর্ঘ্য মণ্ডল-সহ মোট পাঁচ জনকে। বকখালি-ফ্রেজারগঞ্জ এলাকা থেকে তাঁদের আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। পুলিশের দাবি, অর্ঘ্যের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তাঁর বিরুদ্ধে এলাকায় অশান্তি ছড়ানোর অভিযোগও রয়েছে। ধৃত পাঁচ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
সম্প্রতি সমাজমাধ্যমে দিলীপ মণ্ডলের একটি ভিডিয়ো ভাইরাল হয়, যদিও সে ভিডিয়োর সত্যতা আরম্ভ ওয়েব ডেস্কের তরফে যাচাই করা হয়নি। অভিযোগ, ওই ভিডিয়োয় তিনি বিরোধী দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে হুমকিমূলক মন্তব্য করেছিলেন। সেই ঘটনাকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়ায় এবং পরে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়।
অভিযোগের ভিত্তিতে গত বৃহস্পতিবার সকালে পুলিশ দিলীপ মণ্ডলের বাড়িতে হানা দেয়। অভিযানে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও উপস্থিত ছিলেন। পৈলানে বিধায়কের দু’টি বাড়িতে তল্লাশি চালানো হয়। দীর্ঘ অভিযানের পর বিকেল প্রায় ৪টে নাগাদ সেখান থেকে বেরিয়ে যান আধিকারিকেরা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিধায়কের একটি বাড়ি বিশাল এলাকা জুড়ে তৈরি। বাড়ির বাগানে রয়েছে সুইমিং পুল, দোলনা এবং বিভিন্ন শৌখিন মূর্তি। গোটা বাড়ির সাজসজ্জা অনেকটাই রিসর্টের আদলে তৈরি বলে জানা গিয়েছে।
❤ Support Us








