Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • মে ১৯, ২০২৬

ভোটের ৪৮ ঘণ্টা আগে ফলতায় ‘পুষ্পা’র আত্মসমর্পণ! শুভেন্দুর ‘স্পেশ্যাল প্যাকেজ’-এর প্রশংসা করে লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাহাঙ্গিরের

আরম্ভ ওয়েব ডেস্ক
ভোটের ৪৮ ঘণ্টা আগে ফলতায় ‘পুষ্পা’র আত্মসমর্পণ! শুভেন্দুর ‘স্পেশ্যাল প্যাকেজ’-এর প্রশংসা করে লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা জাহাঙ্গিরের

ফলতার পুনর্নির্বাচনের ঠিক ৪৮ ঘণ্টা আগে নাটকীয় মোড়। মঙ্গলবার দুপুরে আচমকাই সাংবাদিক বৈঠক ডেকে নির্বাচনী লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছেন তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খান। ভোটযুদ্ধের ঠিক আগে এ ঘোষণায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য রাজনীতিতে। যে নেতা কয়েক সপ্তাহ আগেও বুক ঠুকে বলেছিলেন, ‘পুষ্পা ঝুঁকেগা নেহি’, সেই তিনিই এ দিন কার্যত ‘আত্মসমর্পণ’ করলেন।

মঙ্গলবার ছিল প্রচারের শেষ দিন। এক দিকে ফলতায় বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডার সমর্থনে রোড শো করছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অন্য দিকে, নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করে জাহাঙ্গির বললেন, ‘ফলতার উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পেশ্যাল প্যাকেজ ঘোষণা করেছেন। আমি চাই ফলতা শান্তিতে থাকুক, ভাল থাকুক। সে কারণেই আমি ২১ মে-র নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।’ জাহাঙ্গিরের গলায় এ দিন বার বার আবেগ ধরা পড়ে। নিজেকে ‘ফলতার ভূমিপুত্র’ বলে দাবি করে তিনি বলেন, ‘আমার স্বপ্ন ছিল সোনার ফলতা গড়ার। মুখ্যমন্ত্রী উন্নয়নের আশ্বাস দিয়েছেন। তাই মানুষের স্বার্থেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’ তবে দলীয় নেতৃত্বের কোনো নির্দেশে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন কি না, সে প্রশ্নের সরাসরি উত্তর দেননি তৃণমূল প্রার্থী। বার বার শুধু বলেন, ‘আর কিছু বলব না।’

তবে এ ঘোষণার সঙ্গে সঙ্গেই জাহাঙ্গিরের সঙ্গে দ্রুত দূরত্ব তৈরি করেতে শুরু করেছে তৃণমূল নেতৃত্ব। দলের তরফে এক্স হ্যান্ডলে জানানো হয়, ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত সম্পূর্ণ জাহাঙ্গির খানের ব্যক্তিগত। এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তবে, জাহাঙ্গিরের ঘোষণার পর মুহূর্তে উল্লাসে ফেটে পড়ে বিজেপি শিবির। ফলতার রাস্তায় গেরুয়া আবির উড়তে দেখা যায়। বিজেপি নেতাদের দাবি, ‘ডায়মন্ড হারবার মডেলের আসল চেহারা সামনে এসে গিয়েছে।’  রাজ্যের রাজনৈতিক মহলেও শুরু হয়েছে তীব্র চাপানউতোর। কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের কটাক্ষ, ‘যে এত দিন রাষ্ট্রশক্তিকে চ্যালেঞ্জ করত, সে-ই শেষ পর্যন্ত লেজ গুটিয়ে পালাল।’ সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ‘বড়ো বড়ো কথা বলা সহজ। লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে থাকা কঠিন। বামপন্থীরা হামলার মধ্যেও মাটি কামড়ে থেকেছে, এরা পারেনি।’

তৃণমূল অবশ্য পাল্টা দাবি করেছে, এলাকায় ভয় এবং চাপের পরিবেশ তৈরি করা হয়েছিল। দলের নেতা কুণাল ঘোষ বলেন, ‘পুষ্পা ভয় পেল কেন, তা দল খতিয়ে দেখবে। নিশ্চয়ই এলাকায় সন্ত্রাসের আবহ তৈরি হয়েছিল।’ ঘটনাচক্রে, কয়েক দিন আগেই ফলতার সভা থেকে জাহাঙ্গিরকে নিশানা করে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন, ‘ওর দায়িত্ব আমার উপর ছেড়ে দিন।’ একই সঙ্গে ফলতার উন্নয়নের জন্য ‘স্পেশ্যাল প্যাকেজ’-এর প্রতিশ্রুতিও দিয়েছিলেন। বিজেপি সূত্রে দাবি, সেই ঘোষণার কয়েক দিনের মধ্যেই জাহাঙ্গিরের এই ‘সারেন্ডার’ রাজনৈতিক ভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রসঙ্গত, গত ২৯ এপ্রিল ফলতায় ভোটগ্রহণের দিন একাধিক বুথে কারচুপির অভিযোগ ওঠে। ইভিএমে কালি, আতর, টেপ লাগানোর মতো অভিযোগ সামনে আসে। পুনর্নির্বাচনের দাবি তোলেন তৎকালীন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে নির্বাচন কমিশন ফলতায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নেয়। সে আবহেই ভোটের আগে থেকে চাপের মুখে ছিলেন জাহাঙ্গির। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়। সোমবারই গ্রেফতারি এড়াতে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হয়ে রক্ষাকবচ নেন তিনি। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, মূল ভোটপর্বের পর থেকেই ক্রমশ একঘরে হয়ে পড়ছিলেন জাহাঙ্গির। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর হয়ে প্রচার করলেও পুনর্নির্বাচনের আগে আর তাঁকে ফলতায় দেখা যায়নি। তৃণমূলের অন্য কোনো প্রথম সারির নেতাও প্রচারে নামেননি। ফলে কার্যত একাই লড়ছিলেন জাহাঙ্গির।

তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, জাহাঙ্গির ভোটের লড়াই থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করলেও আইনি ভাবে তাঁর প্রার্থীপদ বহালই থাকবে। কারণ, মনোনয়ন প্রত্যাহারের নির্ধারিত সময়সীমা অনেক আগেই পেরিয়ে গিয়েছে। নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী, একবার সে সময় পেরিয়ে গেলে আর কোনও প্রার্থী আনুষ্ঠানিক ভাবে নাম প্রত্যাহার করতে পারেন না। ফলে ২১ মে ভোটের দিন ইভিএমে জাহাঙ্গির খানের নাম এবং জোড়াফুল প্রতীক আগের মতোই থাকবে। কিন্তু ভোটের ঠিক আগে প্রার্থীর এই প্রকাশ্য ‘ওয়াকওভার’ যে তৃণমূলের সংগঠন ও কর্মীদের মনোবলে ব্যাপক ধাক্কা দিল, তা নিয়ে রাজনৈতিক মহলে কোনো দ্বিমত নেই। দীর্ঘ দিন ধরে যে ‘ডায়মন্ড হারবার মডেল’কে ঘিরে অপরাজেয় ভাবমূর্তি তৈরি হয়েছিল, ফলতার ঘটনায় তার ভিতেই ফাটল দেখা দিল বলেই মত ওয়াকিবহাল মহলের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!