- এই মুহূর্তে
- মে ২১, ২০২৬
কলকাতায় পাক গুপ্তচরচক্রের হদিশ ! বিমানবন্দর এলাকা থেকে এনআইএ-র জালে জাফর রিয়াজ
ভারতের মাটিতে বসে পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে কলকাতা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। ধৃতের নাম জাফর রিয়াজ ওরফে রিজভি। ইতিমধ্যেই তাঁকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন তদন্তকারীরা।
এনআইএ সূত্রে খবর, দীর্ঘ কয়েক বছর পাকিস্তানে কাটিয়েছেন জাফর। তবে সম্প্রতি তিনি ভারতে ফিরে কলকাতার বিমানবন্দর এলাকায় গা ঢাকা দিয়ে ছিলেন বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। কেন তিনি কলকাতায় লুকিয়ে ছিলেন এবং তাঁর কোনও বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তদন্তে উঠে এসেছে, ভারতীয় সিম কার্ড ব্যবহার করে পাকিস্তানে ওটিপি পাঠানোর একটি চক্রের সঙ্গে জড়িত ছিলেন তিনি। সেই ওটিপির সাহায্যে সীমান্তের ওপারে বসেই সক্রিয় করা হতো ভারতীয় সিম। কয়েক মাস আগে মুর্শিদাবাদ থেকে এক যুবককে এই অভিযোগে গ্রেফতার করা হয়েছিল। সেই মামলার তদন্ত করতে গিয়েই জাফর রিয়াজের নাম সামনে আসে। এরপর থেকেই তাঁকে নজরে রাখছিল এনআইএ।
তদন্তকারীদের দাবি, পাক গুপ্তচরচক্রের সদস্যদের জন্য হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলত এই চক্র। আর সেই কাজের জন্য প্রয়োজনীয় ভারতীয় মোবাইল নম্বরের ওটিপি পাকিস্তানের গোয়েন্দাদের হাতে পৌঁছে দিত জাফর।
এছাড়াও তদন্তে জানা গিয়েছে, ২০০৫ সাল থেকে একাধিকবার পাকিস্তানে গিয়েছিলেন তিনি। সেখানে বিয়েও করেন বলে দাবি তদন্তকারীদের। গত কয়েক বছর তিনি পাকিস্তানেই ছিলেন বলেও এনআইএ সূত্রে জানা গিয়েছে। অভিযোগ, ভারতে ফিরে দেশের গোপন তথ্য পাকিস্তানি গোয়েন্দাদের হাতে তুলে দিতেন জাফর। এর বিনিময়ে তাঁকে মোটা টাকার প্রলোভনের পাশাপাশি ইসলামাবাদের নাগরিকত্বের টোপও দেওয়া হয়েছিল বলে দাবি তদন্তকারীদের।
সম্প্রতি জাফর কলকাতা বিমানবন্দর এলাকায় আত্মগোপন করে রয়েছেন বলে খবর পায় এনআইএ। এরপর গোপন অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। বর্তমানে গোটা চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা জানতে জোরদার তদন্ত চালাচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা।
❤ Support Us








