- এই মুহূর্তে দে । শ
- জুন ১৭, ২০২৬
ভাঙনের আবহে ‘তৃণমূল ভবন’ খালি, বাইপাসের দলীয় কার্যালয়ের দখল নিলেন বাড়ির মালিক
রাজ্য রাজনীতিতে যখন ভাঙনের জল্পনা তুঙ্গে, তখনই কলকাতার মেট্রোপলিটন বাইপাসের ধারে অবস্থিত তৃণমূল কংগ্রেসের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যালয় খালি করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই বাড়িটির আংশিক দখল ফিরে পেয়েছেন মালিক মন্টু সাহা। পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে কালীঘাটের কার্যালয় ছাড়া কলকাতায় তৃণমূলের আর কোনো প্রধান দলীয় কার্যালয় থাকবে না।
সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই ভবন খালি করার কাজ চলছিল। মঙ্গলবার বাড়িটির চতুর্থ ও পঞ্চম তলা খালি করার কাজ শুরু হয়। অভিযোগ, মডার্ন ডেকরেটরসের মালিক মন্টু সাহা তৃণমূলকে ভাড়া দিয়েছিলেন শুধুমাত্র প্রথম তিনটি তলা। কিন্তু পরবর্তীকালে দলের বিভিন্ন সাংগঠনিক কাজ চলতে থাকে উপরের দুই তলাতেও। এদিন মন্টু সাহা তাঁর ছেলে অমিত সাহা এবং পুত্রবধূকে নিয়ে ‘তৃণমূল ভবন’-এ যান। সেখানে কয়েকজন দলের নেতার সঙ্গে তাঁদের আলোচনা হয়। এরপর অমিত সাহা ও তাঁর স্ত্রী চতুর্থ ও পঞ্চম তলায় গিয়ে ঘর খালি করার কাজের তদারকি করেন। সরিয়ে নেওয়া হয় দলীয় ব্যানার, পোস্টার, চেয়ার-সহ বিভিন্ন সামগ্রী।
মালিকপক্ষের দাবি, আগামী কয়েক দিনের মধ্যেই নিচের তিনটি তলাও খালি করে দেওয়া হবে। ২০২২ সালে মেট্রোপলিটন বাইপাস সংলগ্ন এই ভবনটি তৃণমূল কংগ্রেসের সদর দপ্তর হিসেবে ভাড়া নেওয়া হয়েছিল। ওই বছরের মে মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় পুজো ও যজ্ঞের মাধ্যমে এখান থেকে আনুষ্ঠানিকভাবে দলীয় কার্যালয়ের কাজ শুরু করেন। আধুনিক সুযোগ-সুবিধা সমৃদ্ধ এই ভবনে ছিল লিফট, একাধিক বৈঠক কক্ষ, সিসিটিভি নজরদারি এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা। কর্পোরেট ধাঁচে পরিচালিত এই কার্যালয় দীর্ঘদিন ধরে তৃণমূলের সাংগঠনিক কর্মকাণ্ডের গুরুত্বপূর্ণ কেন্দ্র ছিল।
মন্টু সাহার পরিবারের দাবি, ২০২৫ সাল পর্যন্ত বাড়িটি তৃণমূলের কাছে ভাড়ায় ছিল। পরে মৌখিক অনুরোধে আরও কয়েক মাস সময় দেওয়া হয়, কিন্তু সেই মেয়াদও শেষ হয়ে গেছে। অন্যদিকে তৃণমূলের একাংশের দাবি, চলতি বছরের মে মাস পর্যন্ত ভাড়া পরিশোধ করা হয়েছে এবং চুক্তির মেয়াদ রয়েছে ২০২৭ সালের অক্টোবর পর্যন্ত। এই সংক্রান্ত তথ্য স্থানীয় থানাকেও জানানো হয়েছে বলে দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিষয়টি নিয়ে মন্টু সাহার সঙ্গে দলের নেতাদের কথাবার্তাও হয়েছে বলে জানা গিয়েছে। তবে বাড়ির অধিকার ফিরে পেতে গত কয়েকদিন ধরে একাধিকবার তৃণমূল ভবনে যেতে হয়েছে মন্টু সাহাকে। সেই ছবিও প্রকাশ্যে এসেছে। সোমবার তিনি রাজ্য তৃণমূলের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের সঙ্গে দেখা করেন। মঙ্গলবারও তিনি সেখানে যান। সূত্রের দাবি, একাধিক নেতার সঙ্গে কথোপকথনের সময় তৃণমূলের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি দুঃখপ্রকাশও করেছেন।
❤ Support Us







