Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ১৩, ২০২৩

মারডেকা কাপের সেমিফাইনাল আজ ভারতের সামনে মালয়েশিয়া, নিজেদের পিছিয়ে রাখছেন স্টিম্যাক

আরম্ভ ওয়েব ডেস্ক
মারডেকা কাপের সেমিফাইনাল আজ ভারতের সামনে মালয়েশিয়া, নিজেদের পিছিয়ে রাখছেন স্টিম্যাক

দীর্ঘদিন পর আবার মারডেকা কাপে খেলতে নামছে ভারত। আজ সেমিফাইনালে সামনে মালয়েশিয়া। জিতলেই ফাইনাল। খেলতে হবে তাজিকিস্তানের বিরুদ্ধে। ফিফা ক্রমতালিকায় মালয়েশিয়ার তুলনায় এগিয়ে থাকলেও বিপক্ষকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাক।
ঐতিহ্যবাহী মারডেকা কাপে এখনও পর্যন্ত সাফল্য নেই ভারতীয় দলের। মোট ১৭ বার প্রতিযোগিতায় অংশগ্রহন করেছে। রানার্স ২ বার। এবার ভারতের সামনে চ্যাম্পিয়ন হওয়ার সুবর্ণ সুযোগ। প্যালেস্তাইনের খেলার কথা থাকলেও যুদ্ধবিধ্বস্ত এই দেশ শেষ মুহূর্তে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়িয়েছে। ফলে ৩ দেশকে নিয়ে হচ্ছে প্রতিযোগিতা। আজ মালয়েশিয়াকে হারালেই ফাইনালে খেলার সুযোগ ভারতের সামনে।
আয়োজক মালয়েশিয়ার বিরুদ্ধে মাঠে নামার আগে অবশ্য যথেষ্ট সতর্ক ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাক। তবে বিপক্ষকে এগিয়ে রাখলেও জেতার ব্যাপারে আশাবাদী। স্টিম্যাক বলেন, ‘‌গত কয়েকমাস ধরে মালয়েশিয়া দারুণ ফুটবল খেলছে। দেশি ও নাগরিকত্ব দেওয়া বিদেশি ফুটবলাররাও খুব ভাল। আগের থেকে শক্তি অনেকটাই বেড়েছে। এবছর ৯টি আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ৬টিতে জিতেছে। চীন, সিরিয়ার মতো শক্তিশালী দলের সঙ্গে ড্র করেছে। তার ওপরে ঘরের মাঠে খেলবে। বাড়তি সুবিধা তো পাবেই। সেই কারণে ওদের এগিয়ে রাখছি। তবে আমরাও চমক দেওয়ার জন্য তৈরি। মালয়েশিয়া ঘরের মাঠে খেললেও আমাদের জেতা সম্ভব।’‌
মারডেকা কাপে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকলেও সতর্কভাবে ঝাঁপাতে চাইছেন ইগর স্টিম্যাক। কারণ সামনেই প্রাক–বিশ্বকাপের দুটি ম্যাচ। নভেম্বরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে কুয়েত ও কাতারের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। এইরকম গুরত্বপূর্ণ ম্যাচের আগে ফুটবলাররা চোটের কবলে পড়ুক, চান না স্টিণ্যাক। তিনি বলেন, ‘‌সামনে প্রি–ওয়ার্ল্ড কাপের দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ আছে। ফুটবলাররা চোটের কবলে পড়ুক চাই না। তাই কোনও রকম ঝুঁকি নিতে চাই না।’‌ আনোয়ার আলি, মনবীর সিং, শুভাশিস বসু, ব্রেন্ডন ফার্নান্ডেজদের হালকা চোট রয়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!