Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ২২, ২০২৬

টি২০ ক্রিকেটে ২০০ ম্যাচ, রেকর্ড গড়লেন হরমনপ্রীত কাউর

আরম্ভ ওয়েব ডেস্ক
টি২০ ক্রিকেটে ২০০ ম্যাচ, রেকর্ড গড়লেন হরমনপ্রীত কাউর

বিশ্ব রেকর্ড গড়লেন ভারতীয় মহিলা দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ২০০ ম্যাচ খেলার নজির গড়লেন। মহিলাদের টি২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মাঠে নামার সঙ্গে সঙ্গে এই ইতিহাস গড়েন হরমনপ্রীত। হমমনপ্রীতের আগে কোনও পুরুষ বা মহিলা ক্রিকেটার এই কৃতিত্ব অর্জন করতে পারেননি। যদিও রেকর্ড গড়ার দিনে দলকে জয় এনে দিতে পারেননি হরমনপ্রীত। দক্ষিণ আফ্রিকার কাছে ভারতীয় দলকে হারতে হয়েছে ৬ উইকেটে।

ম্যাঞ্চেস্টারের ঐতিহাসিক ওল্ড ট্র্যাফোর্ড মাঠে অনুষ্ঠিত এই ম্যাচ শুধু ভারতীয় দলের কাছেই তাৎপর্যপূর্ণ ছিল না, হরমনপ্রীত কাউরের ক্রিকেট কেরিয়ারের স্মরণীয় মুহূর্ত। প্রায় ১৭ বছরের আন্তর্জাতিক কেরিয়ারে ধারাবাহিক পারফরমেন্স এবং দুর্দান্ত ফিটনেস তাঁকে এই মাইলফলকে পৌঁছাতে সাহায্য করেছে। হরমনপ্রীতের টি২০ কেরিয়ারের গল্পটা বেশ আকর্ষণীয়। ২০০৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত প্রথম মহিলা বিশ্বকাপের তাঁর আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে অভিষেক। ১৭ বছর পর সেই টি২০ বিশ্বকাপের দশম সংস্করণে ইংল্যান্ডের মাটিতেই নিজের ২০০তম ম্যাচ খেলার নজির গড়লেন।

দীর্ঘদিন ধরেই দেশকে দারুণ নেতৃত্ব দিচ্ছেন হরমনপ্রীত কাউর। তাঁর নেতৃত্বে ভারতীয় মহিলা দল দুর্দান্ত ফর্মে রয়েছে। মাত্র আট মাস আগেই দেশকে একদিনের বিশ্বকাপ এনে দিয়েছেন হরমনপ্রীত। এবার তাঁর লক্ষ্য টি২০ বিশ্বকাপ জয়। হরমনপ্রীতের নেতৃত্বে বিশ্বকাপে ভাল শুরুও করেছিল ভারত। প্রথম দুই ম্যাচে পাকিস্তান ও হল্যান্ডকে উড়িয়ে দিয়েছে। তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হারতে হয়েছে।

টসে জিতে ভারত প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১৫৮ রান তুলতে সক্ষম হয়। স্মৃতি মান্ধানা (১৭) এবং শেফালি ভার্মা (৩১) ভাল শুরু করেছিল। যস্তিকা ভাটিয়া (১৫) এবং জেমিমা রডরিগেজ (১৫) রান পাননি। এরপর হরমনপ্রীতের ২৪ রান এবং দীপ্তি শর্মার ২৯ রান  ভারতকে ১৫৮ রানে পৌঁছে দেয়। লক্ষ্য তাড়া করতে নেমে দক্ষিণ আফ্রিকার শুরুটা ভাল হয়নি। পাওয়ার প্লে–তে ২ উইকেট হারিয়ে মাত্র ২৫ রান করে। মারিজান ক্যাপ, তাজমিন ব্রিটস পরিস্থিতি সামাল নেন। মারিজানে ক্যাপ আক্রমণাত্মক ব্যাটিং করে মাত্র ৪৫ বলে সাতটি চার ও চারটি ছক্কার সাহায্যে অপরাজিত ৮১ রান করে দলকে জয় এনে দেন। ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান তোলে দক্ষিণ আফ্রিকা।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!