- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- জুলাই ১১, ২০২৩
মহাদেব রূপে পর্দায় অক্ষয়। ভক্তের সমস্যা সমাধানে আসছেন ১১ আগস্ট
টানা পর পর বহু ছবিতে আশানুরূপ সাফল্য আসেনি। বিপদ বুঝে অনুরাগীদের বলেছিলেন নতুন প্রজন্মের দর্শকদের পছন্দ ও রুচির কথা মাথায় রেখে অন্য ধরনের বিষয়বস্তু নিয়ে ছবি বানাব। কিন্তু, বাস্তবে কি সেই চেনা ছকেই ফিরতে চাইছেন বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার? সোমবার তাঁর নতুন ছবির টিজার সামনে আসার পর এ প্রশ্নই আবার ঘুরে ফিরে দেখা চিচ্ছে। আগামী মাসের ১১ তারিখ মুক্তি পাবে তাঁর অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ওহ মাই গড-২।
ছবিতে অক্ষয় ছাড়াও এ মুহুর্তে বোম্বের চলচ্চিত্র জগতের অন্যতম সুদক্ষ অভিনেতা পঙ্কজ ট্রিপাঠী রয়েছেন। ছবিতে তাঁর অভিনীত চরিত্রের নাম কান্তি শরণ মুদগল। এক্ষেত্রে আগের পর্বের কাঞ্জি লালচি মেহতার মতো কোনো নিরীশ্বরবাদীর চরিত্র এখানে রাখা হয়নি। এক্ষেত্রে পঙ্কজ অভিনীত চরিত্র সম্পূর্ণ রুপে ভোলা মহেশ্বরের ভক্ত। তাকে বিপদে রক্ষা করতে মহাদেব রূপী অক্ষয় কোন কোন ভূমিকা পালন করেন তা নিয়েই অগ্রসর হয়েছে গল্প। তবে কাঞ্জি লালচি মেহতা একেবারে ব্রাত্য নন। গল্পের পৃষ্ঠপটেই তাঁর অনুষঙ্গ উঠে এসেছে।
ছবিটিতে আরো দেখা যায় যে একটি ছেলে আত্মহত্যা করছে ট্রেনের সামনে। সম্ভবত সেখান থেকেই গল্পের মোড় ঘুরতে পারে। ছবিটি নায়িকা প্রধান না হলেও অন্যতম মহিলা চরিত্র রূপে রয়েছেন ‘উরি’ খ্যাত ইয়ামি গৌতম। এখানে তিনি একজন আইনজীবীর চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলার দায়িত্বে রয়েছেন। তবে টিজারে তাকে দেখা যায়নি। পরিচালক অমিত রাই অবশ্য গত সপ্তাহেই এই ছবিতে তাঁর লুক প্রকাশ্যে এনেছিলেন ইয়ামি।
অক্ষয় সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি পৌরাণিক ও ইতিহাসাশ্রিত ছবি করেছেন। যা ভালো ব্যবসা করতে পারেনি। অনেকগুলো তো রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। বিতর্কের মুখেও পড়েছে তাঁর অভিনীত লক্ষ্মী। সেক্ষেত্রে আবার ধর্মীয় বিশ্বাসকে বিষয় হিসেবে পর্দায় নিয়ে আসতে চাইছেন অক্ষয়। এক্ষেত্রে সচেতনতা থাকা জরুরি তা মানছেন অভিনেতা। বিশেষত ‘আদিপুরুষ’-ছবির যে পরিণতি হল তা থেকে তিনি হয়তো শিক্ষা নেবেন বলে মনে করছেন তাঁর অনুরাগীরা। তবে, নতুন ছবিতে সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল একজন নিরীশ্বরবাদীর থেকে আচমকা এক আস্তিকের গল্পকে পর্দায় তুলে ধরা। কেন এই পরিবর্তন তা অবশ্য আলাদা করে বলতে হয় না। ওহ মাই গড প্রথম যখন আসে, একটি সাক্ষাৎকারে ধর্মীয় বিশ্বাসের নামে শঠতার বিরুদ্ধে নিজের অবস্থান ব্যক্ত করেছিলেন বলিউডের খিলাড়ি। আজকের পরিস্থিতি তাঁর অনুকূল নয় সে কথা জানেন অভিনেতা। তাই ভগবানকেই অবলম্বন করে ফিল্ম ভাগ্যকে আবার গৌরবের আলোকোজ্জ্বল সরণীতে ফিরিয়ে আনতে চাইছেন সিং ‘হাউজফুল’ নায়ক। সাফল্য পাবেন কিনা তাঁর জন্য অপেক্ষা করতে হবে আরো এক মাস।
❤ Support Us








