- দে । শ
- আগস্ট ৫, ২০২৬
জনপ্রকল্পের টাকা লোপাট, বেপাত্তা বসিরহাট পুর কাউন্সিলর
কাটমানির টাকা ফেরত চাইলে খুনের হুমকি, তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের। আবাস যোজনার ঘর দেওয়ার নাম করে বাসিন্দাদের কাছ থেকে টাকা নিয়ে বেপাত্তা বসিরহাট পুরসভার কাউন্সিলর কৌশিক দত্ত । টাকা ফেরত চাইলে খুনের হুমকি। বসিরহাট থানায় অভিযোগ দায়ের হল ৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কৌশিক দত্তের নামে। এনিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাট শহরে।
রাজ্য সরকার বদলের পরে কৌশিককে তাঁর ওয়ার্ডে দেখা যায়নি। তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি পরে রাজ্যের অন্যতম সম্পাদক হন কৌশিক দত্ত। তাঁর বিরুদ্ধে এর আগেও বসিরহাট থানায় অভিযোগ করেছেন ওই ওয়ার্ডের কয়েকজন উপভোক্তা যাঁদের কাছ থেকে কৌশিক আবাস যোজনার ঘর পাইয়ে দেবেন বলে টাকা নিয়েছেন। এবারে সাগর মণ্ডল নামে এক ব্যক্তি খুনের হুমকি দেওয়ার মত মারাত্মক অভিযোগ তুললেন। সাগরবাবুর অভিযোগ, একমাসের মধ্যে ঘর দিয়ে দেব বলে প্রতিশ্রুতি দিয়ে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করে কৌশিক দত্ত। ২০২৩ সালে ২৩ জুন সালে পুরো টাকা কৌশিককে দিয়েছি। তারপর থেকে যখনই ঘরের জন্য বলেছি নানা অজুহাত দেখিয়ে টালবাহানা করেছে। সাগরের আভিযোগ, ওই কাউন্সিলরের হাতে সম্প্রতি নগদ ৫০ হাজার টাকা দেওয়ার ভিডিও প্রকাশ্যে আনতেই আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। ওই ওয়ার্ডের মানু্যের অভিযোগ, কৌশিক দত্ত বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নাম তকে কয়েক কোটি টাকা আত্মসাত করেছেন। পুলিশ অভিযোগের তদন্ত শুরু করেছে।
❤ Support Us







