Advertisement
  • এই মুহূর্তে
  • মার্চ ৬, ২০২৩

ছবির শ্যুটিংয়ে চোট পেলেন অমিতাভ, ভাঙল পাঁজরের হাড়। আপাতত বিশ্রামে বলিউডের শাহেনশাহ

আরম্ভ ওয়েব ডেস্ক
ছবির শ্যুটিংয়ে চোট পেলেন অমিতাভ, ভাঙল পাঁজরের হাড়। আপাতত বিশ্রামে বলিউডের শাহেনশাহ

হায়দ্রাবাদে ‘প্রোজেক্ট কে’ ছবির শুটিং চলাকালে অমিতাভ বচ্চন গুরুতরভাবে আহত হলেন । সংবাদ সংস্থার খবর, দুর্ঘটনায় তাঁর পাঁজরের হাড় ভেঙে গিয়েছে। আপাতত, কয়েক সপ্তাহ নিজের বাড়িতে বিশ্রাম নেবেন বর্ষীয়ান অভিনেতা।

অভিনেতা তাঁর ব্লগে জানিয়েছেন, দুর্ঘটনার পর হায়দ্রাবাদের স্থানীয় হাসপাতালে তাঁকে ভর্তি  করা হয়। সেখানে তাঁর যাবতীয় প্রয়োজনীয় মেডিক্যাল টেস্ট করার পর মুম্বাইয়ে নিজের বাড়ি ‘জলসা’-য় তিনি চলে যান । তাঁর কথায়, হাঁটতে গেলে বুকে প্রচন্ড ব্যথা হচ্ছে। প্রত্যেক সপ্তাহে রবিবার নিজের বাসভবন থেকে ভক্ত ও অনুরাগীদের সঙ্গে দেখা করেন অমিতাভ। চোটের কারণে সে সব বন্ধ।

অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, প্রভাস অভিনীত ‘প্রোজক্ট কে’ ২০২৪ সালের ১২ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা। গত বছর অমিতাভের জন্মদিনে ছবির পোষ্টার সামনে এসেছিল। মূলত,পুরাণ নির্ভর ছবি, যেখানে আধুনিক সময়ে বিষ্ণুর অবতারকে চিত্রায়িত করা হবে। এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করছিলেন অমিতাভ। সুতরাং তিনি অসুস্থ হওয়ায় ছবির কাজ কবে শেষ হবে তা নিয়ে সংশয় পরিচালক ও প্রযোজক।

ছবির শুটিং চলাকালে আহত হওয়ার ঘটনা অমিতাভ বচ্চনের জীবনে নতুন নয়। ১৯৮২ সালে ‘কুলি’ ছবির শ্যুটিংয়ে অভিনেতা পুনীত ঈশারের সঙ্গে  অ্যাকশন দৃশ্যে অভিনয় চলাকালে মারাত্মকভাবে আহত হয়েছিলেন বলিউডের ‘ডন’ । তৈরি হয়েছিল  প্রবল প্রাণ সংশয়।  চিকিৎসকদের  ক্রমাগত প্রচেষ্টা ও দেশজুড়ে   ভক্তদের প্রার্থনায় ফিরে এসেছিলেন তিনি। তারপরেও একাধিকবার অসুস্থ হয়েছেন প্রবাদপ্রতিম এই অভিনেতা। কিন্তু অভিনয়ের প্রতি তাঁর নিষ্ঠা ও ভালবাসা তাঁকে বার বার ফিরিয়ে এনেছে ছবির জগতে।  আশা করা যায়, সুস্থ হয়ে  খুব শীঘ্রই কাজে ফিরবেন বলিউডের মহানায়ক।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!