Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জুলাই ৮, ২০২৩

‌দ্বিতীয় একদিনের ম্যাচে বড়ো ব্যবধানে জয়। বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতল আফগানিস্তান

আরম্ভ ওয়েব ডেস্ক
‌দ্বিতীয় একদিনের ম্যাচে বড়ো ব্যবধানে জয়। বাংলাদেশকে হারিয়ে সিরিজ জিতল আফগানিস্তান

আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে খারাপ ব্যাটিং ডুবিয়েছিল বাংলাদেশকে। দ্বিতীয় একদিনের ম্যাচে ডোবাল খারাপ বোলিং ও ব্যাটিং। দ্বিতীয় একদিনের ম্যাচে ১৪২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের একদিনের সিরিজ একম্যাচ ম্যাচ বাকি থাকতেই জিতে নিল আফগানিস্তান। প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৩৩১/‌৯ রান তোলে আফগানরা। জোড়া সেঞ্চুরি ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজের। জবাবে ৪৩.‌২ ওভারে ১৮৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

তামিম ইকবালের পরিবর্তে এদিন বাংলাদেশকে নেতৃত্ব দিতে নামেন লিটন দাস। টস জিতে আফগানদের ব্যাটিং করতে পাঠান তিনি। বাংলাদেশের বোলারদের খারাপ দিনের সুযোগ নিয়ে শুরু থেকেই জাঁকিয়ে বসেন দুই আফগান ওপেনার ইব্রাহিম জাদরান ও রহমানুল্লাহ গুরবাজ। ওপেনিং জুটিতে তোলেন ২৫৬ রান। আফগানিস্তানের ক্রিকেট ইতিহাসে এটাই সর্বোচ্চ রানের জুটি। ৩৭ ওভারের প্রথম বলে গুরবাজকে তুলে নিয়ে জুটি ভাঙেন সাকিব আল হাসান। ১২৫ বলে ১৪৫ রান করে আউট হন গুরবাজ। পরের ওভারেই রহমত শাহকে (‌২)‌ ফেরান ইবাদত হোসেন। অধিনায়ক হাশমতুল্লাহ শাহিদীও (‌২)‌ রান পাননি। মেহদি হাসান মিরাজের বলে তিনি বোল্ড হন। নাজিবুল্লাহ জাদরানকেও (‌১০)‌ তুলে নেন মিরাজ।

দ্রুত ৩ উইকেট হারালেও সেঞ্চুরি পূর্ণ করেন ইব্রাহিম জাদরান। শেষ পর্যন্ত ১১৯ বলে ১০০ রান করে তিনি মুস্তাফিজুর রহমানের বলে আউট হন। শেষ পর্যন্ত আফগানিস্তানকে ৩৩১ রানে পৌঁছে দেন মহম্মদ নবি। ১৫ বলে ২৫ রান করে তিনি অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, মেহদি হাসান মিরাজ ও সাকিব আল হাসান ২টি করে উইকেট নেন। ১ উইকেট পান ইবাদত।

জিততে গেলে বাংলাদেশকে রেকর্ড গড়ে জিততে হত। কারণ, এত বড় রান তাড়া করে আগে কখনও জেতেনি বাংলাদেশ। ব্যাট করতে নেমে অবশ্য বিশাল রানের চাপ নিতে পারেননি বাংলাদেশের ব্যাটাররা। পঞ্চম ওভারেই ফিরে যান লিটন দাস (‌১৩)‌। নাজমুল হোসেন শান্ত (‌১)‌, মহম্মদ নঈম (‌৯)‌, তৌহিদ হৃদয় (‌১৬)‌, সাকিব আল হাসান (‌২৫)‌, আফিফ হাসানরা (‌০) রান পাননি। ৭২ রানে ৬ উইকেট হারিয়ে চূড়ান্ত ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। কিছুটা লড়াই করেন মুশফিকুর রহিম ও মেহদি হাসান মিরাজ। ‌‌‌ ৬৯ রান করে আউট হন মুশফিকুর। ২৫ রান করেন মিরাজ। শেষ পর্যন্ত ১৮৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। আফগানিস্তানের হয়ে ৩টি করে উইকেট নেন ফজলেহক ফারুকি ও মুজিব উর রহমান। ২টি উইকেট নেন রশিদ খান।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!