- বি। দে । শ
- জুন ১১, ২০২৪
ব্লিঙ্কেনের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক। যুদ্ধ রদের প্রস্তাবে সায় নেই ইজরায়েলের
ইজরায়েল সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সোমবার ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকে বসেন।ইজরায়েলি বাহিনী মধ্য গাজার নুসিরাত শরণার্থী শিবির থেকে ৪ জন বন্দীকে উদ্ধার করার নাটকীয় অভিযানের দু’দিন পর এই বৈঠক অনুষ্ঠিত হয়। মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের বন্দী মুক্তি প্রস্তাব ঘিরেই মূলত আলোচনা হয় ওই বৈঠকে।
মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন গত ৩১ মে একটি তিন পর্যায়ের যুদ্ধবিরতি প্রস্তাবের উপস্থাপন করেছিলেন । ইজরায়েল ও গাজার মধ্যে শত্রুতার স্থায়ী অবসান, আটক ইজরায়েলি এবং ফিলিস্তিনি নিরাপত্তা বন্দীদের মুক্তি এবং গাজার পুনর্গঠনের কথা বলা হয়েছে সেই প্রস্তাবে।যদিও হামাস এবিষয়ে তাদের সিদ্ধান্ত এখনো জালায়নি ।
জেরুজালেমে নেতানিয়াহুর সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠকের পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইসরায়েলের নিরাপত্তার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সব রকমের সাহায্যের প্রতিশ্রুতির ওপর জোর দিয়েছেন। ৭ অক্টোবরের পুনরাবৃত্তি যে হবে না, সে বিষয়টিও নিশ্চিত করেছে।’
সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল, সব বন্দীদের মুক্তির আগেই যুদ্ধবিরতি প্রস্তাবে সায় দেবে ইজরায়েল। ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠকে তার উল্টো সুরই শোনা গেল নেতানিয়াহুর মুখে। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ‘যে নথিটি উপস্থাপন করা হয়েছে তা অসম্পূর্ণ এবং জনগণকে বিভ্রান্ত করছে। ইজরায়েল তার সমস্ত লক্ষ্য অর্জনের আগে যুদ্ধ শেষ করতে রাজি হয়েছে এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। সব ইজরায়েলি যুদ্ধবন্দী মুক্ত না হওয়া পর্যন্ত যুদ্ধ বিরতি প্রস্তাবে সায় দেবে না তারা।’
নেতানিয়াহুর সাথে বৈঠকের পর ব্লিঙ্কেন সেদেশের পররাষ্ট্রমন্ত্রী ইজরায়েল কাটজের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে গাজায় যুদ্ধ, বন্দী মুক্তি এবং ইরানের হুমকির বিরুদ্ধে লড়াই নিয়ে আলোচনা হয়। সোমবার পরে ব্লিঙ্কেন ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের সাথে দেখা করেন।
❤ Support Us







