Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • আগস্ট ২৭, ২০২৫

কালনায় তন্তুজর ওয়ারহাউসের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

আরম্ভ ওয়েব ডেস্ক
কালনায় তন্তুজর ওয়ারহাউসের উদ্বোধন মুখ্যমন্ত্রীর

বর্ধমানের প্রশাসনিক সভায় এসে কালনা ১নং ব্লকের ধাত্রীগ্রামের তন্তুজর প্রকিওরমেন্ট সেন্টার, ইয়ার্ন ডিপো ও ওয়ারহাউসের (গুদাম) ভার্চুয়াল উদ্বোধন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বর্ধমান থেকে মুখ্যমন্ত্রী এই প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেও ধাত্রীগ্রাম তাঁত কাপড় হাট চত্বরের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালনা ১নং ব্লকের বিডিও সুপ্রতীক সাহা, পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রাবণী পাল, ধাত্রীগ্রাম পঞ্চায়েতের প্রধান অশোক চৌধুরি প্রমুখ।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি উদ্যোগ এবং বস্ত্র দপ্তরের উদ্যোগে হওয়া এই প্রকল্পের জন্য ২ কোটি ৭ লক্ষ ৭৬ হাজার টাকা বরাদ্দ করা হয়। ধাত্রীগ্রামের সরকারি তাঁত কাপড় হাটে গুদাম করার সিদ্ধান্ত তন্তুজ কয়েক মাস আগেই নেয়। এই গুদামটিতে থাকবে সরকারি স্কুলের পড়ুয়াদের পোশাক তৈরির সরঞ্জাম। উল্লেখ্য, তাঁত সমৃদ্ধ এলাকা হিসাবে পরিচিত কালনা, ধাত্রীগ্রাম ও পার্শ্ববর্তী সমুদ্রগড় এলাকা। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর তাঁত শিল্পের উন্নতিতে তাঁতিদের তাঁত ও তাঁতের সরঞ্জাম বিনামূল্যে দেওয়া হয়েছে। এছাড়াও ক্লাস্টারের মাধ্যমে উন্নত প্রশিক্ষণ দেওয়া হয়েছে। কালনা মহকুমায় ধাত্রীগ্রাম ও শ্রীরামপুরে তাঁতের হাট তৈরি হয়েছে। এর ফলে উপকৃত হয়েছেন হাজার হাজার তাঁতশিল্পী। সুতো ব্যাঙ্কও তৈরি হয়েছে। এদিনের এই তাঁতবান্ধব প্রকল্পের উদ্বোধনে স্বাভাবিক কারণেই খুশি এলাকার মানুষজন ও তাঁতিরা। হ্যাণ্ডলুম আধিকারিক রণজিৎ মাইতি বলেন, ‘রাজ্য সরকারের উদ্যোগে একই বিল্ডিংয়ের মধ্যে প্রকিউরমেন্ট সেন্টার, ইয়ার্ন ডিপো কাম ওয়ারহাউসের উদ্বোধন হল। পোশাক তৈরির সরঞ্জাম রাখা-সহ কেনাকাটার ব্যবস্থা থাকছে।’ এর ফলে কর্মসংস্থানও হবে বলে প্রশাসন সূত্রের খবর। সেইসঙ্গে এদিন মন্তেশ্বরে কুসুমগ্রাম ডাকবাংলো এলাকায় ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুলেরও ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিডিও সঞ্জয় দাস, মন্তেশ্বর থানার আইসি বিপ্লব পতি, পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ প্রমুখ। বিডিও জানান, স্কুল তৈরিতে তিন কোটি দুই লক্ষ একাশি হাজার টাকা বরাদ্দ হয়। রাজ্য সরকারের উদ্যোগে গ্রামীণ এলাকায় তৈরি হওয়া ইংরাজী মাধ্যমের এই স্কুলে পড়াশোনা করে উপকৃত হবেন মেধাবী গরিব পরিবারের পড়ুয়ারা। খুব শীঘ্রই পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত স্কুলটি চালু হবে। কাটোয়া মহকুমারও বেশ কয়েকটি রাস্তারও সূচনা করেছেন মুখ্যমন্ত্রী।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!