- মা | ঠে-ম | য় | দা | নে
- জুন ২৫, ২০২৪
দাপট দেখিয়েও জয় এল না ব্রাজিলের, কোপায় প্রথম ম্যাচেই আটকে গেল কোস্টারিকার কাছে
আক্রমণভাগে ভিনিসিয়াস জুনিয়র, লুকাস পাকেতা, রডরিগো, রাফিনিয়ার মতো ফুটবলার। মাঠমাঠে জো গোমেজ, ব্রুনো গিমারেজ, পাকেতারা। এই রকম দল নিয়েও গোল এল না! কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচেই আটকে গেল ব্রাজিল। কোস্টারিকার সঙ্গে ম্যাচে ফল গোলশূন্য। ৯০ মিনিট দাপটের সঙ্গে খেলেও বিপক্ষের জালে বল ঢোকাতে পারলেন না ভিনিসিয়াস জুনিয়ররা।
চলতি বছরের জানুয়ারিতে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন দারিভাল জুনিয়র। কোপা আমেরিকা তাঁর কাছে বড় পরীক্ষা। প্রথম ম্যাচে অবশ্য দলকে জয় এনে দিতে পারলেন না। এখনও পর্যন্ত তাঁর কোচিংয়ে ৪টি ম্যাচ খেলেছে ব্রাজিল। দুটি ম্যাচে জিতেছে, দুটিতে ড্র করেছে। ব্রাজিল ফুটবলপ্রেমীদের নজর ছিল কোস্টারিকা ম্যাচের দিকে। জয় না এলেও হতাশাজনক ফুটবল খেলেনি ব্রাজিল। গোটা ম্যাচে আধিপত্য বজায় রেখেছিলেন ভিনিসিয়াস জুনিয়াররা। ম্যাচের ৭৪ শতাংশ বলের দখল ছিল ব্রাজিলেরই। তবে সেভাবে গোলের সুযোগ তৈরি করতে পারেনি।
কোস্টারিকার বিরুদ্ধে ভাগ্যও ব্রাজিলকে সাহায্য করেনি। ম্যাচের ৩০ মিনিটে রাফিনিয়ার ফ্রিকিক থেকে বল পেয়ে মার্কিনিওসকে দেন রডরিগো। মার্কিনিওস বল জালে পাঠালে রেফারি ভিডিও রিভিউ পদ্ধতির সাহায্যে অফসাইডের কারণে গোল বাতিল করেন। পাকেতার একটা শট পোস্টে লেগে ফিরে আসে। রডরিগো একবার কোস্টারিকার গোলকিপারকে কাটিয়েও ফাঁকা গোলে বল রাখতে পারেননি। ফলে ম্যাচ গোলশূন্য ভাবে শেষ হয়। ‘ডি’ গ্রুপে দিনের অন্য ম্যাচে প্যারাগুয়েকে ২–১ ব্যবধানে হারিয়েছে কলম্বিয়া। এই জয়ে ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে কলম্বিয়া। ১ পয়েন্ট নিয়ে ব্রাজিল দ্বিতীয় ও কোস্টারিকা আছে তৃতীয় স্থানে।
❤ Support Us








