- ভা | ই | রা | ল
- অক্টোবর ৬, ২০২২
এবার টেনিস কোর্টে লিটল মাস্টার মাহি জুটি
কদিন আগেই কপিলদেবের সঙ্গে এক ফ্রেমে পাওয়া গিয়েছিল মহেন্দ্র সিং ধোনি। এবার শচীন তেন্ডুলকারের সঙ্গে দেখা গেল মাহিকে। টেনিস কোর্টে লিটল মাস্টারের সঙ্গে টেনিস খেলতে দেখা গেছে ধোনিকে। বৃহস্পতিবার একটা বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য এই দুই কিংবদন্তীকে এক ফ্রেমে দেখা গেছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিতে টি–শার্ট ও ট্র্যাকশুট পরিহিত অবস্থায় একে অপরের সঙ্গে হাত মেলাচ্ছিলেন। ওই বিজ্ঞাপনের শুটিংয়ে মেঘলা আকাশের নীচে বিজ্ঞাপনের শুটিং ক্রু’দের কাছ থেকে মনোযোগ সহকারে নির্দেশ শুনছিলেন শচীন ও ধোনি।
বছরের পর বছর ধরে ক্রিকেটে দেশের হয়ে দুর্দান্ত অবদান রাখার জন্য শচীন তেন্ডুলকার ও মহেন্দ্র সিং ধোনি অনেকের কাছেই প্রিয় ক্রিকেটার। টেনিসের প্রতি দুজনেরই প্রগাঢ় ভালোবাসা। কিছুদিন আগে ইউএস ওপেনে কপিলদেবের সঙ্গে গ্যালারিতে বসে কার্লোস আলকারাজের খেলা দেখেছেন ধোনি। তাঁকে গ্র্যান্ড স্ল্যাম আসরে খুব বেশি দেখা না গেলেও শচীন তেন্ডুলকারকে নিয়মিতই টেনিস মাঠে দেখা যায়, বিশেষ করে উইম্বলডনের ঘাসের কোর্টে। প্রিয় বন্ধু রজার ফেডেরারের খেলা দেখতে লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে প্রায়শই যেতেন শচীন।
অন্যদিকে, ২০২০ সালের আগস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর থেকেই এমএস ধোনি অন্য খেলার চেষ্টা করছেন৷ গুরগাঁওতে সম্প্রতি কপিলদেব ও গ্রান্ট থর্নটনের সঙ্গে একটি আমন্ত্রণমূলক গল্ফ প্রতিযোগিতায় খেলেছেন ধোনি। ২০১৯ সালে প্রাক্তন চেন্নাই সুপার কিংস এবং ভারতের সতীর্থ কেদার যাদবের সাথেও তাঁকে গল্ফ খেলতে দেখা গেছে। বিজ্ঞাপনের শুটিংয়ে এবার শচীন ও ধোনি টেনিস র্যাকেট হাতে নিয়ে মুখোমুখি। শচীনের সঙ্গে তাঁকে টেনিস কোর্টে দেখে ভক্তরা আপ্লুত। বিজ্ঞাপনে কপিল ও ধোনিকে একসঙ্গে দেখা গেছে। এবার শচীনের সঙ্গে। দুজনের লড়াই কতটা জমে ওঠে, তা দেখার জন্য ভক্তরা মুখিয়ে।
আগের মাসে শচীন তেন্ডুলকার রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন এবং ভারতীয় লেজেন্ডস দলকে দ্বিতীয় শিরোপা জিতিয়েছিলেন। অন্যদিকে, ধোনি আপাতত ক্রিকেটের বাইরে। ২০২৩ সালে আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসবেন। আইপিএলের আসন্ন সংস্করণে চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব দেবেন।
❤ Support Us








