- ন | ন্দ | ন | চ | ত্ব | র
- নভেম্বর ২৫, ২০২৫
চিত্রপটে বাস্তবের স্বপ্ন, রেকর্ড গড়ে বিক্রি ফ্রিডা কাহলোর আত্মপ্রতিকৃতি
‘স্বপ্নকে নয় চিত্রিত করি আমার বাস্তবকে’, শাণিত উচ্চারনে একথা স্পষ্ট করেছিলেন চর্চিত মহিলা চিত্রকর ফ্রিডা কাহলো । এবার তাঁর সেই চিত্রস্মৃতিচারণই নয়া শিখর ছুঁল শিল্প নিলামে । এপর্যন্ত কোনো মহিলা শিল্পীর চিত্র মূল্যের এশিখর স্পর্শ করেনি ।
২০ নভেম্বর নিউইয়র্কের শিল্প নিলামে, ফ্রিডা কাহলোর আঁকা আত্মপ্রতিকৃতির দাম উঠলো ৪৮৮ কোটি টাকারও বেশি । ১৯৪০ এ ক্যানভাসে তেলরং-এ ছবি এঁকেছিলেন মেক্সিক্যান চিত্রকর । বিছানায় শায়িত কাহলোর এই ছবির শিরোনাম, ‘দ্য ড্রিম’ দামে পরাস্ত করলো মার্কিন মহিলা চিত্র শিল্পী জর্জিয়া ওকোফিকেও । তাঁর আঁকা ‘ওয়াইট ফ্লাওয়ার-১’ ২০১৪ সালে বিক্রি হয়েছিল ৩৯৬ কোটির বেশি কিছু টাকায় । ২০২১ সালে, ফ্রিডা এবং তাঁর জীবন সঙ্গী, মুরাল শিল্পী ডিয়েগো রিভিয়েরাকে নিয়ে আঁকা ছবির মূল্য নির্ধারিত হয়েছিল ৩১১.৫০ কোটি । ১৯৪৯ সালে ছবিটি এঁকেছিলেন ফ্রিডা । ২০ নভেম্বরের নিলাম সেই রেকর্ডকেও ভেঙে দিল ।
মেক্সিকান সরকার সম্প্রতি, বিশ্ব নন্দিত চিত্রির ছবি সেদেশের অভ্যন্তরে, হাতবদল রদ করেছে । সেদেশের বাইরে, আন্তর্জাতিক চিত্ররসিকদের সংগ্রহে ফ্রিডা কাহলোর আঁকা ছবির সংখ্যা নগন্য । ‘দ্য ড্রিম’ সেই বিরলেরই অন্যতম ।
১৯৯০ সালে শেষবার, জনসমক্ষে এসেছিল ছবিটি । সদবির ক্যাটালগে, ছবিটির বর্ণনায় লেখা হয়েছে, নিদ্রা এবং চিরনিন্দ্রার সীমানায় অবয়বশূণ্য মগ্নতা উদ্ভাসিত এই চিত্রতলে । ১৮ বছর বয়সে ভয়ঙ্কর পথদুর্ঘটনার পর, আমৃত্যু বিছানাতেই কেটেছে ফ্রিডার । সেই সময় চিত্রই হয়ে ওঠে তাঁর দৈনন্দিনের সেই সেতু, যার মধ্য দিয়ে তিনি চলাচল করতেন মূর্ত এবং বিমূর্তের অন্দরে ।
সালভাদর দালি থেকে রেনে ম্যাগরিটে, ডোরেথিয়া ট্যানিং, ম্যাক্স আরনেস্ট সহ প্রায় ১০০ চিত্রকরের ছবি এবার নিউইয়র্কের নিলামে উঠেছিল । তারমধ্যে ফ্রিডার ছবিটিই গড়লো নতুন রেকর্ড । এবারের হাতবদলের পর ছবিটি আর শিল্পরসিকরা চাক্ষুস করতে পারবেন কিনা, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চিত্র গবেষকরা । তাদের আর্জি নিউইয়র্ক, লন্ডন এবং ব্রাসেলে অনুষ্ঠিতব্য চিত্রপদর্শনীতে অন্তত যেন চিত্রটি জনসমক্ষে আনা হয় । ছবির বর্তমান মালিকের নাম অবশ্য প্রকাশ করেনি নিলাম সংস্থা ।
❤ Support Us








