Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • আগস্ট ৩, ২০২৩

‌সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলার মন্ত্রীমশাই

আরম্ভ ওয়েব ডেস্ক
‌সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলার মন্ত্রীমশাই

রাজনীতিতে নেমেও ক্রিকেট থেকে দুরে সরে যাননি। মন্ত্রীত্ব সামলেও ক্রিকেটকে সময় দিয়েছেন। বাংলার স্বার্থে রনজি ট্রফিতেও খেলেছেন। রাজ্যের বাইরে খেলতে গিয়ে হোটেলে বসে গুরুত্বপূর্ণ সরকারি ফাইলে সই করেছেন। আগামী দিনে এইসব ছবি আর দেখা যাবে না। বাইশ গজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রী মনোজ তিওয়ারি। সব ধরণের ক্রিকেট থেকে অবসর নিলেন বাংলার এই প্রাক্তন অধিনায়ক। বুধবার সোশ্যাল মিডিয়ায় অবসরের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন মনোজ।
টুইটারে হেলমেটে চুমু খাওয়ার একটা ছবি পোস্ট করেছেন মনোজ। পোস্টে শুধু একটা কথাই লিখেছেন, ‘‌থ্যাঙ্ক ইউ’‌। হেলমেটে চুমু খাওয়ার ছবিটা দেশের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচে সেঞ্চুরি করার পর। নিজের ফেসবুকে অবসরের কথা জানিয়ে মনোজ লিখেছেন, ‘‌ক্রিকেট আমাকে অনেককিছু দিয়েছে। অনেক প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আমি উঠে এসেছি। প্রতিবন্ধকতা জয় করে আমি যা পেয়েছি, তা স্বপ্নেও ভাবতে পারিনি। আমি ক্রিকেট ও ভগবানের কাছে কৃতজ্ঞ থাকব।’‌
ফেসবুক বার্তায় তাঁর চলার পথে সব কোচ, সতীর্থদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মনোজ তিওয়ারি। কোচ মানবেন্দ্র ঘোষের কথা আলাদাভাবে উল্লেখ করে তিনি লিখেনে, ‘‌স্যার না থাকলে আমার পক্ষে আজ এই জায়গায় পৌঁছন সম্ভব হত না। স্যারের দ্রুত আরোগ্য কামনা করছি।’‌ বাবা–মা’‌র পাশাপাশি স্ত্রী সুস্মিতার অবদানের কথাও উল্লেখ করেছেন মনোজ।
মন্ত্রীর দায়িত্ব কাঁধে চাপার পরও ক্রিকেট থেকে সরে যাননি। স্বপ্ন ছিল বাংলাকে রনজি চ্যাম্পিয়ন করেই অবসর নেবেন। কিন্তু তাঁর সেই স্বপ্নপূরণ হয়নি। ২০১৯–২০ ও ২০২২–২৩ মরশুমে বাংলাকে রনজি ফাইনালে তুলেও চ্যাম্পিয়ন করতে পারেননি। এবছর ফেব্রুয়ারিতে ইডেনে রনজি ট্রফির ফাইনালে সৌরাষ্ট্রর কাছে হেরে রানার্স হয়েছিল। এই ম্যাচটাই মনোজের প্রথম শ্রেণীর ক্রিকেটের শেষ ম্যাচ।
দেশের হয়ে ১২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন মনোজ। রান করেছেন ২৮৭। ১টি সেঞ্চুরি। একমাত্র সেঞ্চুরি এসেছিল ২০১১ সালের ১১ ডিসেম্বর চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ১০৪ রানে অপরাজিত ছিলেন। বল হাতে নিয়েছেন ৫ উইকেট। ৩টি টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। রান করেছেন ১। ১৪১টি প্রথম শ্রেণীর ম্যাচে রান করেছেন ৯৯০৮। ২৯টি সেঞ্চুরি এবং ও ৪৫টি হাফ সেঞ্চুরি। উইকেট নিয়েছেন ৩২টি। ১৬৯ টি লিস্ট এ ম্যাচে রান করেছেন ৫৫৮১। ৬টি সেঞ্চুরি ও ৪০টি হাফ সেঞ্চুরি। উইকেট নিয়েছেন ৬৩টি। ১৮৩ টি২০ ম্যাচে রান করেছেন ৩৪৩৬। হাফ সেঞ্চুরি ১৫টি। উইকেট নিয়েছেন ৩৪টি। কলকাতা নাইট রাইডার্স ছাড়াও রাইজিং পুনে সুপারজায়ান্ট, দিল্লি ডেয়ারডেভিলস, কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে আইপিএল খেলেছেন। ৯৬টি আইপিএল ম্যাচে রান করেছেন ১৬৮৬। ৭টি হাফ সেঞ্চুরি। উইকেট নিয়েছেন ১টি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!