Advertisement
  • দে । শ
  • আগস্ট ২৪, ২০২৩

যাদবপুরের পরিস্থিতি পর্যালোচনায় রাজভবনে রাজ্যপালের জরুরি বৈঠক। অন্ধকারে রাজ্যের শিক্ষা দফতর ও শিক্ষামন্ত্রী

আরম্ভ ওয়েব ডেস্ক
যাদবপুরের পরিস্থিতি পর্যালোচনায় রাজভবনে রাজ্যপালের জরুরি বৈঠক। অন্ধকারে রাজ্যের শিক্ষা দফতর ও শিক্ষামন্ত্রী

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যুর পর অন্তর্বর্তী উপাচার্য হিসাবে বুদ্ধদেব সাউকে নিয়োগ করেছেন আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস। তার পর বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন উপাচার্য। এবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডাকলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ সকাল ১০টা ৪০ মিনিটে রাজভবনে সেই বৈঠক শুরু হয়েছে। বৈঠকে কী আলোচনা হবে, তা জানা না গেলেও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখবেন আচার্য, রাজভবন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। বৈঠকে  উপাচার্য ছাড়াও ডাক পেয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরাও।

এর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কোর্টের মিটিং রাজভবনেই ডেকেছিলেন বিশ্ববিদ্যালয়ের আচার্য। রাজ্যপাল নিজের বাসভবনে এ ভাবে বিশ্ববিদ্যালয়ের বৈঠক ডাকতে পারেন কি না, তা নিয়ে তখন বিস্তর বিতর্কও হয়েছিল। যদিও শেষ পর্যন্ত কোনও বিতর্কের গুরুত্ব না দিয়েই কোর্ট মিটিং রাজভবনেই হয়েছিল। সেখানে কিছু সিদ্ধান্ত নেন আচার্য তথা রাজ্যপাল। তার মধ্যে উল্লেখযোগ্য, অ্যান্টি র‌্যাগিং কমিটি গঠন এবং উপাচার্য নিয়োগ। উপাচার্য নিয়োগের কাজটি ইতিমধ্যেই সম্পন্ন করেছেন রাজ্যপাল। তবে অ্যান্টি র‌্যাগিং কমিটি গঠন নিয়ে গত বৈঠকে রাজ্যপাল সিদ্ধান্ত নেন, তবে শুধু যাদবপুর নয়, সমস্ত বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই অ্যান্টি র‌্যাগিং কমিটি গঠন জরুরি বলে গত বৈঠকে রাজ্যপাল জানান। এ ছাড়াও যাদবপুরের সামগ্রিক পরিস্থিতি নিয়েও বিশদে আলোচনা হয় গত বৈঠকে। তার পরেই নতুন ভিসি নিয়োগ করেন আচার্য। সেই পর্ব শেষে বৃহস্পতিবার আবার বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি পর্যালোচনায় জরুরি বৈঠক ডাকলেন আচার্য সিভি আনন্দ বোস।

আচার্যের তলব পেয়ে রাজভবনে পৌঁছন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সদ্য ভার নেওয়া অস্থায়ী উপাচার্য বুদ্ধদেব সাউ। উল্লেখযোগ্য ভাবে রাজভবনে প্রবেশ করতে দেখা গিয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য শুভ্রকমল মুখোপাধ্যায়কেও। প্রসঙ্গত তিনি আচার্যের তৈরি করে দেওয়া অ্যান্টি র‌্যাগিং কমিটির শীর্ষে রয়েছেন। ফলে মনে করা হচ্ছে, রাজভবনের বৈঠকে র‌্যাগিং নিয়ে গুরুত্বপূর্ণ কোনও সিদ্ধান্ত আজকের বৈঠকে নেওয়া হতে পারে। তবে এই বৈঠক পুরোটাই হচ্ছে রাজ্য শিক্ষা দফতর ও শিক্ষামন্ত্রীকে অন্ধকারে রেখেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!