Advertisement
  • বি। দে । শ
  • আগস্ট ২৯, ২০২৫

দীনেশ পট্টনায়েককে কানাডার রাষ্ট্রদূত নিয়োগ করল নয়াদিল্লি, ভারতে আসছেন কুটার

আরম্ভ ওয়েব ডেস্ক
দীনেশ পট্টনায়েককে কানাডার রাষ্ট্রদূত নিয়োগ করল নয়াদিল্লি, ভারতে আসছেন কুটার

অবশেষে ভারত–কানাডার মধ্যে সম্পর্কের উন্নতি। ৯ মাস পর আবার কানাডায় রাষ্ট্রদূত পাঠাচ্ছে ভারত। দীনেশ কে পট্টনায়ককে কানাডায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করা হয়েছে। ১৯৯০ ব্যাচের আইএসএফ কর্তা  বর্তমানে স্পেনে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন। বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীনেশ পট্টনায়ক খুব শীঘ্রই কানাডায় ভারতীয় হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। অন্যদিকে, কানাডা ভারতে নতুন রাষ্ট্রদূত হিসেবে প্রবীণ কূটনীতিক ক্রিস্টোফার কুটারকে নিযুক্ত করেছে।

কানাডায় খালিস্তানি সন্ত্রাসী হরদীপ সিং নিজ্জরের হত্যার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দিল্লির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তোলেন। কানাডার প্রধানমন্ত্রী দাবি করেন যে, কানাডার মাটিতে নিজ্জরের হত্যার পিছনে ভারত জড়িত। ট্রুডোর এই অভিযোগের ফলে দুই দেশের মধ্যে গুরুতর কূটনৈতিক উত্তেজনা দেখা দেয়। এরপর ভারত ২০২৪ সালের অক্টোবরে কানাডা থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়।

হরদীপ সিং নিজ্জর হত্যার তদন্তে কানাডা সরকার ভারতীয় হাইকমিশনার সঞ্জয় কুমার সাক্সেনা এবং আরও কয়েকজন কূটনীতিককে অভিযুক্ত করে। ফলে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়ে যায়। ভারত প্রথমে কানাডা থেকে হাই কমিশনার এবং পরে অন্যান্য কূটনীতিকদের প্রত্যাহার করে নেয়। এরপর ভারত কানাডাক ৬ জন কূটনীতিককে দিল্লি থেকে বহিষ্কার করে। যার মধ্যে ছিলেন ভারপ্রাপ্ত হাই কমিশনার স্টুয়ার্ট রস হুইলার, ডেপুটি হাই কমিশনার প্যাট্রিক হেবার্ট এবং প্রধান সচিব ম্যারি ক্যাথেরিন জোলি, ল্যান রস ডেভিড ট্রিটস, অ্যাডাম জেমস চুইপকা ও পলা অরজুয়েলাকে।

কানাডা থেকে হাই কমিশনারকে প্রত্যাহার করার সময় ভারতীয় বিদেশ মন্ত্রক জোর দিয়ে বলেছিল যে, চরমপন্থা এবং হিংসার পরিবেশে জাস্টিন ট্রুডো সরকারের পদক্ষেপ কূটনীতিকদের নিরাপত্তাকে বিপন্ন করেছে। মার্ক কার্নি কানাডার প্রধানমন্ত্রী হওয়ার পর দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটে। কানাডার কানানাস্কিসে জি ৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মার্ক কার্নির সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠকের ২ মাস দুই দেশ রাষ্ট্রদূত নিয়োগ করল।

অন্যদিকে, কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ ঘোষণা করেছেন যে, ভারতে নতুন রাষ্ট্রদূত হিসেবে প্রবীণ কূটনীতিক ক্রিস্টোফার কুটারকে নিযুক্ত করা হয়েছে। ক্রিস্টোফার কুটার আগে ক্যামেরন ম্যাকের রাষ্ট্রদূত ছিলেন। কুটারের ৩৫ বছরের কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে। তিনি সম্প্রতি ইজরায়েলে কানাডার চার্জ ডি’‌অ্যাফেয়ার্স এবং দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, লেসোথো, মরিশাস এবং মাদাগাস্কারে কানাডার হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত দিল্লিতে কানাডিয়ান হাই কমিশনে প্রথম সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন কুটার।

কুটারের নিয়োগ সম্পর্কে অনিতা আনন্দ বলেন, ‘‌নতুন হাই কমিশনারের নিয়োগ কানাডার কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করার এবং ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা এগিয়ে নেওয়ার পদক্ষেপ। কানাডার অর্থনীতিকে সমর্থন করার জন্য দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি কানাডিয়ানদের জন্য পরিষেবা পুনরুদ্ধারের দিকে এই নিয়োগ একটা গুরুত্বপূর্ণ অগ্রগতি।’‌‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!