- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- জানুয়ারি ৫, ২০২৪
আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজে চাকা ঘোরাতে টপ অর্ডারের দিকে তাকিয়ে হরমনপ্রীত
ইংল্যান্ডের পর অস্ট্রেলিয়া। মহিলাদের টেস্ট ক্রিকেটে বিশ্বের দুই বড় শক্তিধর দেশকে হারানোর পর ভারতকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা অনেকটাই বেড়ে গিয়েছিল। টেস্ট জয়ের পর হরমনপ্রীত কাউররাও স্বপ্ন দেখেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের ক্রিকেটে চাকা ঘুরিয়ে দেওয়ার। কিন্তু স্বপ্ন পূরণ হয়নি। একদিনের সিরিজে ৩–০ ব্যবধানে হারতে হয়েছিল হরমনপ্রীতদের। আজ টি২০ সিরিজের প্রথম ম্যাচ। একদিনের সিরিজে হারের বদলার লক্ষ্য নিয়ে নামছে ভারত।
একদিনের সিরিজে প্রথম দুটি ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তুল্যমূল্য লড়াই করেছিল ভারত। কিন্তু দুই দলের পার্থক্য গড়ে দিয়েছিল ফিল্ডিং। একদিকে যেমন বেশ কয়েকটা ক্যাচ ফেলেছিলেন হরমনপ্রীতরা, তেমনই অজস্র রানও গলিয়েছিলেন। সেই কারনেই ধরাছোঁয়ার বাইরে চলে যায় অস্ট্রেলিয়া। টি২০ সিরিজে মাঠে নামার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে দলের ফিল্ডিং।
টি২০ সিরিজে মাঠে নামার আগে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কাউর বলেন, ‘ফিল্ডিং নিয়ে আমরা দীর্ঘদিন ধরে ভুগছি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ফিল্ডিং পার্থক্য গড়ে দিয়েছিল। এই জায়গাটায় আমাদের উন্নতি করতে হবে।’ টি২০ সিরিজে ঘুরে দাঁড়ানোর আশা করছেন ভারত অধিনায়ক। তিনি বলেন, ‘এই ফরম্যাটে আমরা বরাবরই ভাল খেলি। অতীতে অস্ট্রেলিয়াকে হারিয়েছি। আশা করছি জয় দিয়েই সিরিজ শুরু করব।’
শুধু ফিল্ডিংই নয়, ভারত অধিনায়ককে ভাবাচ্ছে দলের টপ অর্ডারের ব্যাটারদের ফর্ম। স্মৃতি মান্ধানা থেকে শুরু করে জেমাইমা রডরিগেজ, কেউই রানের মধ্যে নেই। অধিনায়ক হরমনপ্রীতও একদিনের সিরিজে রান পাননি। টি২০ সিরিজে চাকা ঘোরাতে গেলে আজ ভারতের টপ অর্ডারকে জ্বলে উঠতেই হবে। সেই দিকেই তাকিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
❤ Support Us







