- এই মুহূর্তে বি। দে । শ
- জুন ৫, ২০২৫
যুক্তরাষ্ট্রে চিকিৎসা পরিষেবায় বিরাট জালিয়াতির অভিযোগ, হেফজতে ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক
ভারতীয় বংশোদ্ভূত ফার্মাসিউটিক্যাল ব্যবসায়ী, মনোরোগ বিশেষজ্ঞ তন্ময় শর্মাকে যুক্তরাষ্ট্রে একটি ওষুধ সংক্রান্ত জালিয়াতির অভিযোগে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়েছে। ২৯ মে, মার্কিন কর্তৃপক্ষ তাকে হেফাজতে নেয়। অভিযোগ, তিনি ১৪৯ মিলিয়ন মার্কিন ডলারের হেলথকেয়ার জালিয়াতিতে জড়িত। ৬১ বছর বয়সী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মনোরোগ বিশেষজ্ঞ হলেন ‘সভারেন হেলথ গ্রুপ’-এর প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও।
এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি ছিল ক্যালিফোর্নিয়াভিত্তিক একটি আসক্তি নিরাময় চিকিৎসা নেটওয়ার্ক। সম্প্রতি, মার্কিন ফেডারেল গ্র্যান্ড জুরি আটটি অভিযোগে শর্মাকে অভিযুক্ত করেছে। অভিযোগে বলা হয়েছে, তিনি স্বাস্থ্য বিমা কোম্পানিগুলোর কাছে ১৪৯ মিলিয়নের বেশি ডলারের ভুইয়ো দাবি পেশ করেছেন। এছাড়া, তিনি রোগী ‘রেফারেল’ বাবদ ২১ মিলিয়ন ডলারেরও বেশি অবৈধ কমিশন নিয়েছেন বলে জানিয়েছে মার্কিন বিচার বিভাগ।
সভারেন হেলথ গ্রুপ’ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন অঞ্চলে একাধিক আসক্তি চিকিৎসা কেন্দ্র পরিচালনা করত। ২০১৮ সালে কোম্পানিটি বন্ধ হয়ে যায়। এফবিআই ওই কোম্পানির চিকিৎসা কেন্দ্র, সান ক্লেমেন্তে সদর দফতর আর শর্মার সান জুয়ান ক্যাপিস্ত্রানোর বাসভবনে অভিযান চালিয়েছিল। তদন্ত শুরু হয়েছিল ২০১৭ সালে। তন্ময় শর্মা হলেন স্কিজোফ্রেনিয়া গবেষণা ও চিকিৎসার অন্যতম পথপ্রদর্শক। তিনি ভারতের আসামের গৌহাটির বাসিন্দা। ডিব্রুগড় বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৭ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন, পরবর্তীতে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তাঁর ভারত ও যুক্তরাজ্যে চিকিৎসা করবার লাইসেন্স রয়েছে। ২০০টিরও বেশি পিয়ার-রিভিউড জার্নালে গবেষণাপত্র আর ৫ টি গবেষণাধর্মী বইয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছেন তিনি। এই মামলার সহ-অভিযুক্ত পল জিন সেন খোরকেও গ্রেপ্তার করা হয়েছে। বিচাররপ্রক্রিয়া শুরু হবে ২৯ জুলাই।
❤ Support Us







